Tollywood News

মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রের প্রথম দিনের শুটিংয়ে ‘বাধা’! বিরক্ত প্রযোজক রানা, কী বললেন স্বরূপ?

প্রযোজক রানা সরকারের অভিযোগ, শুটিং সেটে আচমকাই চড়াও হন কয়েক জন ‘লাইট কেয়ারটেকার’। তাঁর ছবিতে যিনি ‘এগ্‌জ়িকিউটিভ প্রোডিউসার’ হিসাবে কাজ করছেন, তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ।

Advertisement
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২০:০০
প্রযোজক রানা সরকারের অভিযোগে কী উত্তর দিলেন স্বরূপ বিশ্বাস?

প্রযোজক রানা সরকারের অভিযোগে কী উত্তর দিলেন স্বরূপ বিশ্বাস? ছবি: সংগৃহীত।

শুক্রবার থেকে শুরু হয়েছে মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রের শুটিং। প্রথম দিনের শুটিংয়েই ঘটল ব্যাঘাত। প্রযোজক রানা সরকারের অভিযোগ, শুটিং সেটে আচমকাই চড়াও হন কয়েক জন ‘লাইট কেয়ারটেকার’। অভিযোগ রানার ছবিতে যিনি ‘এগ্‌জ়িকিউটিভ প্রোডিউসার’ হিসাবে কাজ করছেন, তাঁকে মারধর করা হয়েছে। কী পদক্ষেপ করেছেন প্রযোজক?

Advertisement

রানা বললেন, “শুটিংয়ে এই ধরনের সমস্যা তৈরি করা তো কোনও ভাবেই কাম্য নয়। শুটিং বন্ধ না হলেও সাময়িক ভাবে বিঘ্নিত হয়েছে কাজের পরিবেশ। আমাদের যিনি এগ্‌জ়িকিউটিভ প্রোডিউসার হিসাবে কাজ করছেন, ওঁর সঙ্গে লাইট কেয়ারটেকারদের আগের কোনও সমস্যা ছিল। হঠাৎই দেখি কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমাদের শুটিং সেটের বাইরে ঝামেলা করছেন। এমনকি আমাদের টেকনিশিয়ানকে মারধরও করা হয়।”

এই অভিযোগের ভিত্তিতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তের সঙ্গে। স্বরূপ বললেন, “আমি শুনেছি ঘটনার কথা। শুটিং সেটে এই ধরনের সমস্যা তৈরি করা একেবারেই কাম্য নয়। অবশ্যই খোঁজখবর নেব এবং যথাযথ পদক্ষেপ করব।”

পিয়ারও একই বক্তব্য। তিনি বলেন, “আমাকে রানা সরকার ফোন করেছিলেন। ওঁরা আমাকে ইমেল মারফত অভিযোগ জানাবেন বলেছেন। যদি এমনটা সত্যিই ঘটে থাকে, তা হলে ফেডারেশনের কারও কাজ করা মুশকিল হয়ে যাবে। আমাদের কাছে অভিযোগ জমা পড়লে অবশ্যই যথাযথ পদক্ষেপ করার চেষ্টা করব।” এই দিন উত্তর কলকাতায় শুটিং হচ্ছিল মহুয়ার জীবনীচিত্রের। কিছু ক্ষণ শুটিং বন্ধ থাকলেও এখন সব স্বাভাবিক। শুটিং চলছে ছবির।

Advertisement
আরও পড়ুন