(বাঁ দিকে) রকুল প্রীত সিংহ, (ডান ডিকে) জ্যাকি ভগনানী। ছবি: সংগৃহীত।
তাঁদের প্রায় দীর্ঘ ১০ বছরের সম্পর্ক। তার পরে, ২০২৪ সালে গোয়ায় বিয়ে হয় রকুল প্রীত সিংহ ও জ্যাকি ভগনানীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, ‘‘বিয়ের পরেও আমরা সিচুয়েশনশিপে আছি।’’ জ্যাকির এই কথা থেকেই বিতর্কের সূত্রপাত।
‘সিচুয়েশনশিপ’, ‘বেঞ্চিং’, ‘ব্রেড ক্রাম্বিং’— এই ধরনের শব্দগুলি ‘জেন জ়ি’-দের মধ্যে প্রেমের ক্ষেত্রে বিপুল ভাবে ব্যবহৃত। সম্প্রতি রকুলের সঙ্গে নিজের দাম্পত্যকে ‘সিচুয়েশনশিপ’-এর আখ্যা দিয়েছেন জ্যাকি। পাশাপাশি অভিনেতা স্পষ্ট করেন, তাঁরা একে অপরকে পুরোপুরি বিশ্বাস করেন। তাঁর মতে, সম্পর্কের আসল শক্তি হল এমন একজন সঙ্গী পাওয়া, যাঁর সঙ্গে সব কথা খোলাখুলি বলা যায়। ব্যস, এই কথা ছড়িয়ে পড়ার পরেই নেতিবাচক মন্তব্যের বন্যা।
দর্শকের নেতিবাচক মন্তব্যে বিরক্ত হয়েছেন রকুল। ইতিমধ্যেই স্বামীর পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি। আবার জ্যাকিকে নিয়ে একটি ভিডিয়ো করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, কান ধরে ওঠবোস করছেন জ্যাকি। সেখানেই রকুল বলেন, ‘‘অনেকবার তোমাকে বলেছি, আমরা মিলেনিয়াল, জেন জ়ি নই। যা বলবে বুঝেশুনে বলবে। যা-ই হোক, অনেক হয়েছে। এ বার বিষয়টা এখানেই শেষ করুন আপনারা।’’ অর্থাৎ নেটাগরিকদের রোষের মুখে যেন স্বামীকে খানিক শাস্তিই দিলেন তিনি। শেষে অনুরাগীদের কাছে অনুরোধ সমালোচনা থামানোর।
জ্যাকি ও রকুলের প্রথম পরিচয় হয় কাজের সূত্রে। করোনার সময়ে তাঁদের বন্ধুত্ব শুরু হয়। সেই বন্ধুত্বই পরে প্রেমে বদলে যায়। পরবর্তী কালে বিয়ে করেন তাঁরা।