Ram kapoor

‘আর দেরি করা যাবে না’, পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই আবার কেন দুবাই যেতে চান রাম কপূর

যে সব ভারতীয় তারকার বাড়ি রয়েছে দুবাইয়ে, তাঁরা দেশে ফিরে এসেছেন। এমন পরিস্থিতিতে দুবাই পাড়ি দিলেন অভিনেতা রাম কপূর। জানালেন, আর দেরি করতে পারবেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৭:৪৪
রাম কপূর।

রাম কপূর। ছবি: সংগৃহীত।

ইরান ও ইজ়রায়েল সংঘর্ষ এখনও থামেনি। সংযুক্ত আরব আমিরশাহীতেও মাঝেমধ্যে ইরানের তরফে হামলা চলছে। দুবাইবাসীদের একাংশের মত, সেখানে জনজীবন একেবারে স্বাভাবিক। যদিও অনেক ভারতীয় তারকা, যাঁদের দুবাইয়ে বাড়ি রয়েছে, তাঁরা দেশে ফিরে এসেছেন। এমনই একটা পরিস্থিতি দুবাইয়েই পাড়ি দিলেন অভিনেতা রাম কপূর। তিনি জানালেন, আর নাকি দেরি করতে পারবেন না!

Advertisement

বুর্জ খলিফায় বাড়ি কিনেছেন রাম। মাত্র দু’সপ্তাহ আগেই স্ত্রী গৌতমী কপূরের সঙ্গে দুবাই গিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাম বলেন, “গতবার আমরা সেখানে প্রায় এক সপ্তাহ ছিলাম। আমি ভেবেছিলাম মুম্বই ফিরে এসে পরিস্থিতি শান্ত হওয়ার জন্য অপেক্ষা করব এবং তার পর আবার কাজ শুরু করব। কিন্তু এখন আমার আর কোনও উপায় নেই। আমাদের বাড়ির কাজ এখনও অনেকটা বাকি। আর পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং তা আরও খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে। এটা কয়েক মাস, এমনকি তারও বেশি সময় ধরে চলতে পারে। যদি তা-ই হয়, আমি আর দেরি করতে পারব না। পরিস্থিতি যেমনই হোক, এ বার বাড়ির কাজগুলো শেষ করাতেই হবে।’’

এই প্রসঙ্গে রাম আরও জানান, বুর্জ খলিফায় তাঁর বাড়ির প্রয়োজনীয় কাজ শেষ করার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেটি শেষ করার অনুমতি পেয়েছেন। যদিও যুদ্ধ পরিস্থিতি কিছুটা থমকে রয়েছে। রামের কথায়, ‘‘আমি সময় বাড়ানোর জন্য অনুরোধ করতে পারতাম। কিন্তু এই পরিস্থিতি কত দিন চলবে তা আমরা জানি না। তাই মূল পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে।’’

তাঁর অনুরাগীদের অনেকেরই দুশ্চিন্তা, এমন পরিস্থিতে দুবাই কি নিরাপদ? রাম জানান, তাঁর পরিচিতেরা সে দেশে রয়েছেন। যথাসম্ভব তাঁরা স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন। যদিও খুব ফুরফুরে পরিস্থিতি না হলেও তিনি একেবারেই আতঙ্কিত হচ্ছেন না।

Advertisement
আরও পড়ুন