রণবীরের চোখে রাম কেমন? ছবি: এআই সহায়তায় প্রণীত
পর্দায় রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর কপূর। নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’-এ তাঁর ‘লুক’ কেমন হবে, তা প্রকাশ্যে আসবে ২ এপ্রিল। রামের চরিত্রে অভিনয়ের জন্য বেশ কিছু বদল এনেছিলেন জীবনে। এটা আগেই জানিয়েছিলেন। এ বার রণবীর জানালেন, তিনি ‘রাম’ চরিত্রকে আজ কী ভাবে দেখেন?
রণবীরের চোখে, রাম আজকের যুগেও খুব প্রাসঙ্গিক। মানুষের বিবেক আজও বাঁচিয়ে রাখেন রাম। ‘মর্যাদা পুরুষোত্তম’ কথাটিও উঠে আসে তাঁর মুখে। রণবীর বলেন, “কয়েক যুগ ধরে সারা বিশ্বে কোটি কোটি মানুষের বিবেকবোধ বাঁচিয়ে রেখেছেন রাম। তিনি এই কাজটি ভবিষ্যতে আমাদের চলে যাওয়ার পরেও করে যাবেন।”
রাম চরিত্রের প্রশংসা করে রণবীর আরও বলেন, “প্রতিকূলতায় মানুষের মনের জোর বাড়িয়ে দেন তিনি। সহানুভূতি, সাহস, ধার্মিকতা ও ক্ষমার দিকে রয়েছেন তিনি। এই জন্যই তাঁকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়— অর্থাৎ একজন আদর্শ পুরুষ।” আজকের যুগেও তাই রাম চরিত্র প্রাসঙ্গিক বলে মনে করেন রণবীর।
সম্প্রতি ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মলহোত্র ঘোষণা করেন, “আগামী ২ এপ্রিল, পবিত্র হনুমান জয়ন্তীতে রাম-এর ঝলক আমরা প্রকাশ্যে আনব।”
‘রামায়ণ’ ছবির ঘোষণা হওয়ার পরে অভিনেতা আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার জীবনযাপনে বহু বদল এনেছি। ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়েছি। নিরামিষাশী হয়ে গিয়েছি। আমি নিয়মিত ধ্যান ও যোগাভ্যাস করি।” রণবীর জানান, ৪০ বছর বয়স হওয়ার পর থেকেই এই বদলগুলি তিনি আনা শুরু করেন। তাঁর কথায়, “জীবনকে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি। ৪০ বছর বয়সের পর থেকে তাই সুস্থ থাকা ও সন্তানের সঙ্গে সময় কাটানোই আমার উদ্দেশ্য।”