Madhuri Dixit

‘মাধুরী দীক্ষিত গোরক্ষপুরে নিরাপদে ছিলেন’, উত্তরপ্রদেশের প্রশংসা করে আর কী বললেন রবি কিশন?

গত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বার বার ‘ভয় মুক্ত উত্তরপ্রদেশ’-এর উপর বাড়তি জোর দিয়েছেন। এ বার মাধুরীর উদাহরণ দিয়ে সেই বক্তব্যকেই যেন তিনি প্রতিষ্ঠিত করলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২০:৫৮
(বাঁ দিকে) রবি কিশন, (ডান দিকে) মাধুরী দীক্ষিত।

(বাঁ দিকে) রবি কিশন, (ডান দিকে) মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত।

বছরদেড়েক আগে লোকসভা ভোটের মুখে ঝামেলায় জড়িয়েছিলেন ভোজপুরি সিনেমার তারকা রবি কিশন। অভিনেতার নামে গুরুতর অভিযোগ আনেন অপর্ণা ঠাকুর নামে লখনউয়ের এক মহিলা। তিনি দাবি করেছিলেন, তাঁর কন্যার বাবা নাকি রবি। যদিও শেষ পর্যন্ত এই মামলার আদৌ নিষ্পত্তি হয়েছিল কি না, সে তথ্য অজানা। এরই মাঝে মাধুরী দীক্ষিতের সুরক্ষা নিয়ে মন্তব্য করে বসলেন রবি।

Advertisement

সম্প্রতি মাধুরী ও তৃপ্তি ডিমরীর সঙ্গে একটি ছবি করেছেন রবি। নাম ‘মা বহেন’। এই ছবির শুটিংয়ে উত্তরপ্রদেশে যান মাধুরী। টানা তিন দিন সেই রাজ্যের গোরক্ষপুর এলাকায় থাকেন তিনি। ওই তিন দিন সেখানে ভীষণ সুরক্ষিত ছিলেন অভিনেত্রী, আর তাতেই নাকি অভিনেতা তথা বিজেপির সাংসদ রবির গর্বে বুক ভরেছে। অতীতে সে রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনার কথা শোনা গিয়েছে। যার মধ্যে হাথরসের ঘটনা অন্যতম আলোচিত। এ ছাড়াও মহিলা সুরক্ষা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজেপি শাসিত এই রাজ্যকে। এ বার অবশ্য রবি জানান, উত্তরপ্রদেশ একেবারে সুরক্ষিত।

রবির কথায়, ‘‘আগে বলিউডের নায়িকারা এখানে থেকে শুটিং করতে ভয় পেতেন। কিন্তু, এখন আর আগের মতো পরিবেশ নেই। এই তো মাধুরী দীক্ষিত টানা তিন দিন গোরক্ষপুরে শুটিং করে গেলেন, একেবারে সুরক্ষিত ভাবে।’’ পাশাপাশি রবি জানান, বেশ কিছু নেতামন্ত্রী তো মাধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে চুলে কালো রং পর্যন্ত করান। গত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বার বার ‘ভয় মুক্ত উত্তরপ্রদেশ’-এর উপর বাড়তি জোর দিয়েছেন। এ বার মাধুরীর উদাহরণ দিয়ে সেই বক্তব্যকেই যেন তিনি প্রতিষ্ঠিত করলেন।

Advertisement
আরও পড়ুন