অমিতাভের নাম শুনেই জয়াকে জড়িয়ে ধরেন রেখা! ছবি: সংগৃহীত।
বলিউডে আজও অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখার সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা হয়। শোনা যায়, রেখাকে এক প্রকার জয়া বুঝিয়েই দিয়েছিলেন, স্ত্রীর আসনে তিনিই থাকবেন সব সময়। তবে একসময় অমিতাভের নাম শুনে জয়াকেই জড়িয়ে ধরেছিলেন রেখা। সেই ঘটনা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল।
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেতার সম্মান পেয়েছিলেন অমিতাভ। সেখানে অমিতাভের নাম ঘোষণা হতেই রেখা নিজের আসন থেকে উঠে প়ড়েন এবং ছুটে যান জয়ার কাছে। তার পরে জয়াকে জড়িয়ে ধরেন। অমিতাভ তখন মঞ্চে পুরস্কার নিচ্ছেন। রেখার অশ্রুবিহ্বল চোখও নজরে পড়ে দর্শকের। জয়ার পাশে দাঁড়িয়েই রেখা করতালি দিয়ে অমিতাভের সাফল্য উদ্যাপন করেছিলেন সেই দিন। সেই মুহূর্তের ভিডিয়ো হঠাৎই সমাজমাধ্যমে ভাইরাল। রেখাকে সে দিন আগলে নিয়েছিলেন জয়াও।
এই ঘটনা বেশ কয়েক বছর আগের। সেই অনুষ্ঠানে সুজিত সরকারের ‘পিকু’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অমিতাভ।
জয়া, রেখা ও অমিতাভের এই মুহূর্ত অনেককেই মনে করিয়ে দিয়েছিল ১৯৮১ সালের ছবি ‘সিলসিলা’র কথা। ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে হয়েছিল অমিতাভ ও জয়ার। ১৯৭৬ সালে ‘দো অনজানে’ ছবির সেটে অমিতাভ ও রেখার আলাপ এবং শোনা যায়, তাঁরা সম্পর্কেও জড়িয়েছিলেন। তবে প্রকাশ্যে সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি। এর পরে তাঁরা একসঙ্গে ‘সিলসিলা’ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিতে শেষ পর্যন্ত বিবাহবহির্ভূত সম্পর্ককে দূরে সরিয়ে স্বামী ও স্ত্রীর মিলন দেখানো হয়েছিল। শেষে এমন পরিণতি দেখেই রাজি হয়েছিলেন জয়া। কারণ, স্ত্রীর চরিত্রে তিনিই অভিনয় করেছিলেন। বাস্তবেও তাঁদের জীবন ‘সিলসিলা’রই মতো বলেও অনেকে মনে করেন।