স্ত্রী সমান্থার প্রতি ভালবাসা জাহির করতে অস্বীকার করলেন রাজ। ছবি: সংগৃহীত।
২০২৫ সালের ১ ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বত্তূরে ছিমছাম ভাবে বিয়ে সারেন সমান্থা রুথ প্রভু। নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তিনি জানিয়েছিলেন, আর হয়তো কাউকে ভালবাসতে পারবেন না। কারণ, তাঁর মনের দরজা বন্ধ। তবে তিনি বার বার এ-ও বলেছিলেন, তাঁর কাছে ভালবাসার গুরুত্ব অনেক। অবশেষে মনের বন্ধ দরজা খুলে সেখানে স্থান দিয়েছেন রাজকে। বিয়ের বয়স সবে ছ’মাস। তার মধ্যেই রাজ জানালেন, স্ত্রীকে নাকি এখন কেবল অভিনেত্রী হিসাবেই দেখছেন। উল্টে ভরা মঞ্চে সমান্থার প্রতি ভালবাসা জাহির করতে অস্বীকার করলেন পরিচালক স্বামী! কেন?
প্রথম বিয়ে ভাঙার পরে দীর্ঘ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে সমান্থাকে। শুধু তা-ই নয়, এর পরে সমান্থা দীর্ঘ সময় ধরে পেশিপ্রদাহের রোগে ভুগেছেন। ক্যামেরার সামনে বার বার ভেঙে পড়তে দেখা গিয়েছে সমান্থাকে। তবে নিজেকে অনেকটা সামলে নিয়ে নতুন একটা জীবন শুরু করেছেন তিনি। অভিনেত্রী নিজে স্বীকার করেছেন যে, একটা সময় শুধুই সাফল্যের কথা ভাবতেন। এই রোগ যেন তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এখন আর ঘন ঘন কাজ নেন না তিনি। এই মুহূর্তে সমান্থা ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারে।
সমান্থার নতুন ছবির প্রযোজনা করেছেন রাজ। সেই সিনেমার প্রচারপর্বে ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে অনীহা দেখালেন পরিচালক! মঞ্চে যখন অভিনেত্রী হিসাবে কাজের প্রতি সমান্থার নিষ্ঠা এবং প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ, সে সময়ে দর্শকাসন থেকে তাঁকে অনুরোধ করা হয়, তিনি যদি স্ত্রীকে ‘আই লাভ ইউ’ বলেন। প্রথমটায় অনুরাগীদের আবদার বুঝতে পারেননি রাজ। এর পরে সঞ্চালক বুঝিয়ে দিতেই ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক স্পষ্ট উত্তর দেন। কোনও রাখঢাখ না রেখেই তিনি বলেন, “সমান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনও দর্শকাসন থেকে অনেকে সে কথাই চিৎকার করে বলছেন। তাই ‘ভালবাসি’ কথাটায় তো নতুনত্ব কিছু নেই।” এর পরেই সমান্থার দিকে তাকিয়ে রাজ তাঁর প্রশংসা করে বলেন, ‘‘ওর মতো একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করা দারুণ রোমাঞ্চকর। প্রতি বার চমকে দেয়। আমি এই মুহূর্তে অভিনেত্রী হিসাবেই দেখছি ওকে।’’
তবে রাজের প্রতিক্রিয়া দেখে দক্ষিণী সিনেপাড়ায় শুরু গুঞ্জন। সমান্থার দাম্পত্যে কি সমস্যা দেখা দিল এরই মধ্যে? সর্বসমক্ষে কি প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন রাজ?