(বাঁ দিকে) মান্যতা দত্ত, (ডান দিকে) সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত।
ছবিশিকারিদের ক্যামেরায় প্রায়ই ধরা দেন তারকারা। কেউ হাসিমুখে দাঁড়ান, কেউ আবার এড়িয়ে যান। কিন্তু কয়েক জন আছেন, যাঁরা ছবিশিকারিদের দেখলেই চটে যান। যেমন অভিনেত্রী জয়া বচ্চন। ছবি তুলতে এলে ছবিশিকারিদের বকুনিও দেন তিনি। অভিনেত্রী কাজলকেও মেজাজ হারাতে দেখা গিয়েছে। তাই কাজলকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে খোঁচাও দেন কেউ কেউ। এ বার ক্যামেরা দেখে মেজাজ হারালেন অভিনেতা সঞ্জয় দত্ত।
এই মুহূর্তে ‘ধুরন্ধর ২’ ছবির সাফল্য ও প্রশংসায় ভাসছে গোটা টিম। এই ছবির এসপি চৌধরি আসলাম খানের চরিত্রে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন সঞ্জয়। গত কয়েক বছর ধরেই দুবাইয়ে থাকেন সঞ্জয়। যদিও এই মুহূর্তে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি একটি রেস্তরাঁয় খেতে যান তিনি। গাড়ি থেকে নামতেই তাঁদের ছেঁকে ধরে ছবিশিকারির দল।
সঞ্জয়কে হাত ধরে নিয়ে যাচ্ছেন মান্যতা। ছবি: সংগৃহীত।
প্রথমে সঞ্জয় বেশ কয়েক বার ইশারা করে ছবি তুলতে বারণ করেন। কিন্তু লাভ হয়নি। তার পরেই খানিক চোখ পাকিয়ে বলেন, ‘‘এই তোরা এ সব বন্ধ কর।’’ তাতেও ছবিশিকারিরা কথা না শুনলে বেশ ঝাঁঝিয়ে উঠেই বলেন, ‘‘হল তো! ছবি তুললি তো! বন্ধ কর তো এ বার।’’ সেই সময়ে অভিনেতার স্ত্রী মান্যতা তাঁকে একপ্রকার হাত ধরে টেনে নিয়ে যান।
অভিনেতার এই ভিডিয়ো দেখে বেশির ভাগই দোষ দিচ্ছেন ছবিশিকারিদের। কেউ কেউ আবার অভিনেতার এমন ব্যবহারের নিন্দাও করেছেন।