Updates Of Sourav's Biopic

বোমান ইরানি নন, সৌরভের বাবা শাশ্বত! মায়ের ভূমিকায় অপরাজিতা, মুম্বই অংশের শুটিং শেষ?

খবর, শাশ্বত এবং অপরাজিতা এই মুহূর্তে মুম্বইয়ে। তাঁরা শুটিংয়ে ব্যস্ত। এর পর কলকাতায় ছবির শুটিং হবে। সেখানেও থাকবেন শাশ্বত-অপরাজিতা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৩:০৩
অপরাজিতা আঢ্য এবং শাশ্বত চট্টোপাধ্যায়।

অপরাজিতা আঢ্য এবং শাশ্বত চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পারিবারিক চিত্র সম্পূর্ণ। তাঁর জীবনীছবি ‘দাদা’তে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তান্যা মানিকতলা। ‘দাদা’র ভূমিকায় রাজকুমার রাও। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রাহুল দেব বসু। এ বার প্রকাশ্যে পর্দার চণ্ডী গঙ্গোপাধ্যায় এবং নিরূপা গঙ্গোপাধ্যায়!

Advertisement

খবর, এখানেই বদল ঘটেছে। এর আগে শোনা গিয়েছিল, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাবার চরিত্রে অভিনয় করতে পারেন বলিউডের খ্যাতনামী অভিনেতা বোমান ইরানি। মায়ের চরিত্রে দেখা যেতে পারে অপরাজিতা আঢ্যকে। যদিও সেই সময়ে সৌরভের ঘনিষ্ঠ বন্ধু এবং এই ছবির নেপথ্য কারিগর সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, বোমান ইরানি সৌরভের ‘বাবা’ হবেন না। ভুয়ো খবর ছড়িয়েছে বলেই জানান তিনি। এর পরেই আরও একটি খবর ছড়ায়। শাশ্বত চট্টোপাধ্যায় নাকি পর্দায় চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে পারেন। তিনি ‘লুক টেস্ট’ দিয়েছেন বলেও জানা যায়।

সেই সম্ভাবনাতেই সিলমোহর দিলেন সঞ্জয়। আনন্দবাজার ডট কম-কে তিনি বলেছেন, “বোমানজি নন, শাশ্বত চট্টোপাধ্যায় ওই চরিত্রে অভিনয় করবেন। মায়ের ভূমিকায় অপরাজিতাই আছেন। সেখানে কোনও বদল ঘটেনি।” প্রসঙ্গত, শাশ্বত এবং অপরাজিতা পর্দায় প্রথম জুটি বাঁধেন মানসী সিংহের ‘এটা আমাদের গল্প’ ছবিতে।

আরও জানা গিয়েছে, সমস্ত অভিনেতা মুম্বইয়ে একপ্রস্ত শুটিং করেছেন। সেখানে সেট তৈরি হয়েছে গঙ্গোপাধ্যায় বাড়ি ও ইডেন গার্ডেন্সের আদলে। আপাতত সেখানকার শুটিং শেষ। কলকাতায় চলে আসছেন সবাই। এর পর এখানে আর একপ্রস্ত শুটিং হবে।

এর আগে শোনা গিয়েছিল, বিসিসিআই, আইসিসি এবং সিএবি-র সভাপতি জগমোহন ডালমিয়ার চরিত্রে অভিনয় করতে পারেন গজরাজ রাও। তাঁকে কি এই ভূমিকাতেই দেখা যাবে? এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সঞ্জয়। জানিয়েছেন, সবটাই ক্রমশ প্রকাশ্য।

Advertisement
আরও পড়ুন