Sreelekha Mitra Controversy

‘আর্টিস্ট ফোরাম’-এর বৈঠকের মাঝে কাঁদতে কাঁদতে স্টুডিয়ো ছাড়লেন শ্রীলেখা! অন্দরে ঠিক কী ঘটল?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পরেই শিল্পীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই মর্মেই কর্মবিরতির সিদ্ধান্ত মঙ্গলবার থেকে। চলছে বৈঠক। তার মাঝে হঠাৎ টেকনিশিয়ান স্টুডিয়োয় কী ঘটল?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৫:৩২
কেন কাঁদতে কাঁদতে বেরিয়ে যান শ্রীলেখা মিত্র?

কেন কাঁদতে কাঁদতে বেরিয়ে যান শ্রীলেখা মিত্র? ছবি: সংগৃহীত।

মঙ্গলবার, সকাল ১০টা থেকে ‘আর্টিস্ট ফোরাম’-এর সকল সদস্য একত্রিত হচ্ছিলেন ‘টেকনিশিয়ান স্টুডিয়ো’য়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পরেই শিল্পীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই মর্মেই মঙ্গলবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে সকাল থেকে বৈঠক চলছে ‘টেকনিশিয়ান স্টুডিয়ো’র অন্দরে। এরই মাঝে হঠাৎ কাঁদতে কাঁদতে বেরিয়ে যান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু, কী এমন ঘটল?

Advertisement

একে একে এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে প্রিয়াঙ্কা সরকার, কৌশিক সেন, শ্রীলেখা মিত্রেরা। আর্টিস্ট ফোরামের সব সদস্যই যে অন্দরের বৈঠকে রয়েছেন, তেমন নয়। মূলত ইন্ডাস্ট্রির কর্তা-ব্যক্তি এবং সিনিয়রদের নিয়েই আলোচনা চলছে। এখানে কী এমন ঘটল যে মাঝপথেই বেরিয়ে গেলেন শ্রীলেখা? সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায়।

 টেকনিশিয়ান স্টুডিয়োয় ঢুকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

টেকনিশিয়ান স্টুডিয়োয় ঢুকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

যে সময়ে শ্রীলেখা বেরিয়ে যান, সেই সময় তাঁর ছবি তুলতেও বারণ করা হয়েছিল। বাইরে থেকে সকলের মনেই তাই প্রশ্ন। সূত্র বলছে, বৈঠকের মাঝেই শ্রীলেখা নাকি বচসায় জড়ান। অভিনয়ে সুযোগ না পাওয়ার ক্ষোভ মাঝে মাঝেই সমাজমাধ্যমে উগরে দেন অভিনেত্রী। এমনকি প্রকাশ্যে ঋতুপর্ণা এবং প্রসেনজিতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগও তুলেছিলেন শ্রীলেখা। তাঁর অভিযোগ, এই দুই তারকার জন্যই একের পর এক কাজের সুযোগ হারিয়েছেন তিনি।

মঙ্গলবার, টেকনিশিয়ানের বৈঠকেও নাকি সেই একই অভিযোগ তোলেন তিনি। এমনকি শ্রীলেখা নাকি নাম করে অভিযোগ করেন যে, দিনের পর দিন মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। তিনি নাকি বলতে থাকেন, “মানসিক অত্যাচার করেও মেরে ফেলা যায়”! বৈঠকে তখন উপস্থিত সকলেই। শ্রীলেখার ব্যবহারে নাকি বিরক্ত হন অধিকাংশ শিল্পীই। শ্রীলেখার ব্যবহারে অভিনেতা প্রসেনজিৎও নাকি মেজাজ হারান। শোনা যাচ্ছে, প্রকাশ্যেই অভিনেত্রীর ব্যবহারের বিরোধিতা করেন কৌশিক সেন।

নিজেদের মধ্যের এই বচসা নাকি সহ্য করতে পারেননি প্রিয়াঙ্কা। সূত্র বলছে, শেষে সবাইকে থামাতে নাকি টেবিলের উপরে উঠে পড়েন অভিনেত্রী। তিনি নাকি হাতজোড় করে বচসা থামানোর অনুরোধ জানান প্রিয়াঙ্কা, এমনকি ক্ষমাও চান তিনি। শোনা যাচ্ছে, তিনি নাকি বলেন, “এখানে অন্য একটা কারণে জড়ো হয়েছে সবাই। আমার ছোট বাচ্চা, তাকে আমি জানাব, তার বাবার ঠিক কী হয়েছিল।” এই ঘটনার পরেই নাকি শ্রীলেখা বৈঠক ছেড়ে বেরিয়ে যান।

টেকনিশিয়ান স্টুডিয়োয় শিল্পীদের ভিড়।

টেকনিশিয়ান স্টুডিয়োয় শিল্পীদের ভিড়। নিজস্ব চিত্র।

তবে অন্দরের খবর, এই ঘটনার আগে যখন প্রসেনজিৎ বৈঠকে ঢোকেন, সেই সময় চেনা ভঙ্গিতে সবার সঙ্গেই কুশল বিনিময় করেছিলেন তিনি। বাদ যাননি শ্রীলেখাও। তার পরেও এমন ঘটনায় বৈঠকের ছন্দ কাটে। যদিও এই বিষয়ে কেউই প্রকাশ্যে কোনও কথা বলেননি। উল্লেখ্য, মঙ্গলবার সারা দিন ধরেই দফায় দফায় বৈঠকের কথা রয়েছে শিল্পীদের। ইম্‌পার সঙ্গে দিনভর আলোচনা হবে। চ‍্যানেলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আবেদন করা হয়েছে। তাঁরা আসবেন কি না, এখনও নিশ্চিত নয়।

Advertisement
আরও পড়ুন