Utsav Mukherjee

বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ উৎসব মুখোপাধ্যায়, ঘটনায় ঠিক কী জানালেন পরিচালকের স্ত্রী?

টলিপাড়ায় একের পর এক অঘটন। বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০০:৩৯
বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় একের পর এক দুঃসংবাদ। এক দিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ এখনও কাটেনি। এ বার নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরের পরে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।

Advertisement

খবর, বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক। উৎসবের স্ত্রী আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, তাঁর সঙ্গে পরিচালকের শেষ বার কথা হয়েছিল দুপুর ২টো ২২ নাগাদ। তার পর থেকেই নাকি তাঁর ফোন বন্ধ। দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা, রাত হয়ে যাওয়ার পরেও কোনও খোঁজ পাওয়া যায়নি পরিচালকের।

মৌপিয়া বলেন, “সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যা অনেক দিন ধরেই চলছিল। বিয়ের পরে আমি তৎপরতার সঙ্গে আইনজীবীর সঙ্গে কথা বলি। পুলিশে জানাই। এই বিষয়টা নিয়ে ও চিন্তায় ছিল। কিন্তু, তা নিয়ে খুব যে বেশি আলোচনা হয়েছে, তা নয়। আজ ব্যাঙ্কে একটা কাজে গিয়েছিল। ওটিপি আসবে বলে, ওর ফোনটা ছিল আমার কাছে। ও নিয়ে গিয়েছিল অন্য একটা ফোন।”

ইতিমধ্যেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিচালকের স্ত্রী। ফোন নম্বর ট্র‍্যাক করে জানা গিয়েছে, সেটি শেষ উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়। পরিচালকের স্ত্রীর ধারণা, সম্ভবত যানজট এড়াতে ট্রেনে করে ফিরছিলেন পরিচালক। পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিকালের মধ্যে যদি উৎসবের খোঁজ না পাওয়া যায়, তা হলে তদন্ত শুরু হবে।

Advertisement
আরও পড়ুন