Vijay Deverakonda-Rashmika Mandanna

বিয়ের পরেই বড় ঘোষণা! ৪৪টি সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ বিজয় ও রশ্মিকার

সোমবার হায়দরাবাদে নিজেদের নতুন বাসস্থানে পুজো করেছেন বিজয় ও রশ্মিকা। পাশাপাশি গিয়েছিলেন বিজয়ের গ্রামের বাড়িতেও। সেই ছবি ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। তাঁরা শুভেচ্ছা জানান নবদম্পতিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১১:২৩
বিজয়-রশ্মিকার ঘোষণায় আশার আলো দেখছেন অনুরাগীরা!

বিজয়-রশ্মিকার ঘোষণায় আশার আলো দেখছেন অনুরাগীরা! ছবি: সংগৃহীত।

বিয়ের পরে শুরু হয়ে গিয়েছে প্রীতিভোজের প্রস্তুতি। এর মধ্যে দেশের বিভিন্ন মন্দিরে গিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করেছেন এবং মিষ্টি বিতরণ করেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। এ বার তাঁরা আরও বড় একটি ঘোষণা করলেন। নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য রশ্মিকা ও বিজয়ের এই বিশেষ ঘোষণা।

Advertisement

সোমবার হায়দরাবাদে নিজেদের নতুন বাসস্থানে পুজো করেছেন বিজয় ও রশ্মিকা। পাশাপাশি গিয়েছিলেন বিজয়ের গ্রামের বাড়িতেও। সেই ছবি ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। তাঁরা শুভেচ্ছা জানান নবদম্পতিকে। সেখানেই এক বিশেষ ঘোষণা করেন তাঁরা। বিজয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে যার নাম ‘দেবরকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’। তেলঙ্গানার নাগরকুরনুল জেলার ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কলারশিপ বা বৃত্তির ঘোষণা করেছেন বিজয় ও রশ্মিকা।

সত্যনারায়ণ পুজোর পরেই বিজয় এই উদ্যোগের কথা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে করতালিতে ভরিয়ে দেন রশ্মিকা এবং বিজয়ের মা ও ভাই। বিজয় বলেন, “আমার গ্রামের বাড়িতে একটি বাড়ি ও বেশ কিছুটা জমি রয়েছে। এখানে আমি এ বার থেকে প্রায়ই আসব।” অনুরাগীদের অনুমান, অভিনেতার আরও কোনও পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করেছেন রশ্মিকা ও বিজয়। ৪ মার্চ দক্ষিণী তারকাদম্পতির প্রীতিভোজের আসর। প্রথমে শোনা যাচ্ছিল, তেলুগু, হিন্দি, তামিল, মলয়ালম ও কন্নড় ছবির জগতের মানুষই মূলত এই প্রীতিভোজে নিমন্ত্রিত। রাজনীতির জগতের মানুষও রয়েছেন অতিথি তালিকায়। তবে তারকাদম্পতি অতিথি তালিকা এখনও প্রকাশ্যে আনেননি। হায়দরাবাদের ট্রাফিক পরিষেবার দিকেও সেই দিন বিশেষ নজর রাখছে প্রশাসন।

Advertisement
আরও পড়ুন