মা হচ্ছেন মৌনী রায়? ছবি: ফেসবুক।
রটনা একদিনের নয়। মৌনী রায় নাকি মা হতে চলেছেন! এমন জল্পনা অনেক দিন ধরেই বলিউডে। গত বছর থেকে এই গুঞ্জন ছড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন ডালপালা মেলেছে। মাসদুয়েক অন্তর মৌনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জোরালো হয়ে ওঠে। সেই জল্পনা আবার থিতিয়েও যায়। ফের জোর গুঞ্জন!
মাঝে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন মৌনী। জানিয়েছিলেন, সমস্ত খবর ভুয়ো। তিনি অন্তঃসত্ত্বা নন। তখন সাময়িক বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। গত কয়েক মাস ধরে সেই জল্পনা ফের মাথাচাড়া দিয়েছে। গুঞ্জন জোরালো সাম্প্রতিক একটি ঘটনায়।
অতি সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মৌনী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার-সহ আরও অনেক তারকা। অভিনেত্রী সে দিন ঢিলেঢালা অনারকলি সালোয়ারে সাজিয়েছিলেন নিজেকে। কিন্তু, ছবিশিকারিদের মুখোমুখি হওয়ার আগের মুহূর্তে দ্রুত ওড়না টেনে ঢেকে নেন পেট! যেন আড়াল করতে চাইছেন তাঁর স্ফীতোদর। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু আলোচনা। যদিও অভিনেত্রীর তরফ থেকে এখনও কোনও বার্তা আসেনি।
প্রসঙ্গত, ২০২২-এ দুবাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সূরজ নম্বিয়ারের সঙ্গে বিয়ে হয় মৌনীর। গোয়ায় ধুমধাম করে সাতপাক ঘুরেছিলেন তাঁরা। ব্যবসার পাশাপাশি সূরজ একজন ‘ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার’ও। দেখতে দেখতে চার বছর পার। কর্তা-গিন্নি মশগুল তাঁদের নিজেদের পেশাজীবন নিয়ে। এখনও সন্তান আসেনি তাঁদের জীবনে। তাই কি এত জল্পনা? সবটাই জানা যাবে মৌনী মুখ খুললে।