Easy Eye Exercise

ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপে কাজ, ২ মিনিটের সহজ ব্যায়ামেই আরাম পাবে চোখ, শিখে নিন ৩ কৌশল

কাজের চাপে মাথা তুলতে পারছেন না। তার পরে বিনোদনেও সেই মোবাইল। ক্লান্ত চোখকে আরাম দিতে পারে সহজ ব্যায়াম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮
চোখের ক্লান্তি দূর হোক সহজ ব্যায়ামে।

চোখের ক্লান্তি দূর হোক সহজ ব্যায়ামে। ছবি: সংগৃহীত।

মোবাইল থেকে ল্যাপটপের পর্দা—কাজ থেকে বিনোদন সবটা জুড়েই এখন স্ক্রিন টাইম। স্নানঘরে যেতে গিয়েও কেউ দেখছেন ওয়েব সিরিজ়, কেউ বুঁদ হয়ে যাচ্ছেন গেমের নেশায়। তার প্রভাবই পড়ছে চোখে। স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের পাতা ফেলতে ভুলে যাওয়ার জন্য বাড়ছে চোখের সমস্যা। কারও চোখ জ্বালা করছে, কারও চোখ ব্যথা করছে। কারও আবার চোখের জল শুকিয়ে যাচ্ছে। চোখের এমন নানাবিধ সমস্যার সমাধান হতে পারে সহজ কয়েকটি ব্যায়ামে। চক্ষু চিকিৎসকেরা বলছেন, এই ধরনের ব্যায়াম চোখের পেশি, স্নায়ুগুলিকে শিথিল হতে সাহায্য করে। চোখের উপর চাপ কমায়।

Advertisement

প্রথম ব্যায়াম: দুই হাতের তালু ঘষে একটু গরম করে নিতে হবে। মেরুদণ্ড সোজা করে বসে, ঘর্ষণের ফলে গরম হয়ে যাওয়া তালু দু’টি আলতো করে বন্ধ চোখের ওপর রাখতে হবে। চোখের মণির উপর সরাসরি যেন চাপ না পড়ে। লম্বা লম্বা শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। ২ মিনিট পর হাত সরিয়ে নিন এবং আস্তে আস্তে চোখ মেলুন।

দ্বিতীয় ব্যায়াম: কাছে এবং দূরে তাকানোও একটি সহজ অথচ কার্যকরী ব্যায়াম। হাতের বুড়ো আঙুলটি চোখের সামনে প্রায় ১০ ইঞ্চি দূরে ধরে, মনোযোগ দিয়ে সেই দিকেই তাকাতে হবে। কয়েক সেকেন্ড পরে আঙুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে প্রায় ১০-২০ ফুট দূরে থাকা কোনও বস্তুর দিকে তাকাতে হবে। এই ভাবে পর্যায়ক্রমে অন্তত ৫-৬ বার ব্যায়ামটি করতে হবে।

তৃতীয় ব্যায়াম: এই জন্য দরকার একটি পেন্সিল বা পেন।নাকের সামনে এক হাত দূরত্বে সেটি ধরে, সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থকতে হবে।মাথা স্থির রেখে পেন্সিলটিকে ধীরে ধীরে ডানে এবং বামে সরাতে হবে। পেন্সিল লক্ষ্য করে দৃষ্টিও সরবে। একই ভাবে পেন্সিলটিকে উপরে এবং নীচে সরান। পেন্সিলটিকে ধীরে ধীরে আপনার নাকের কাছে আনুন এবং আবার দূরে সরিয়ে নিন। সব সময় পেন্সিলের শিসে লক্ষ্য স্থির রাখুন। এতেও চোখের ক্লান্তি কমবে।

Advertisement
আরও পড়ুন