Bhagyashree on Mulethi

পুরুষ হরমোনের জেরে মুখে রোম, ও অনিয়মিত ঋতুস্রাব? ভাগ্যশ্রীর ঘরোয়া টোটকা কি আদৌ কার্যকর

পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোমে ভোগা মহিলাদের জন্য অভিনেত্রী ভাগ্যশ্রী বিশেষ ঘরোয়া টোটকার কথা বললেন। কিন্তু প্রশ্ন হল, তা আদৌ কতখানি নিরাপদ? আদপে তাতে উপসর্গগুলি কমতে পারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১১:০৪
মহিলাদের জন্য কী টোটকা দিলেন ভাগ্যশ্রী?

মহিলাদের জন্য কী টোটকা দিলেন ভাগ্যশ্রী? ছবি: সংগৃহীত।

অনিয়মিত ঋতুস্রাব, মুখে ব্রণ, পেটব্যথা, ওজন বৃদ্ধি, অতিরিক্ত রোম গজানো— পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন অসংখ্য মহিলা। এই রোগের উপসর্গগুলির সঙ্গে যুঝতে যুঝতে নাজেহাল তাঁরা। সম্প্রতি সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য যষ্টিমধুর জল পান করার পরামর্শ দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। তাঁর দাবি, এই সমস্যার কিছু উপসর্গ কমাতে সাহায্য করতে পারে। কিন্তু প্রশ্ন হল, তাঁর এই ঘরোয়া টোটকা কি আদৌ কার্যকর?

Advertisement
যষ্টিমধুর শিকড়।

যষ্টিমধুর শিকড়। ছবি: সংগৃহীত

ভাগ্যশ্রীর পরামর্শ অনুযায়ী, এক টুকরো যষ্টিমধুর শিকড় এক কাপ জলে ৫-৭ মিনিট কম আঁচে ফুটিয়ে নিতে হবে। তার পর সেই জলটুকু ছেঁকে খেয়ে নিতে হবে। তাঁর বক্তব্য, এটি শরীরে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের মাত্রা কমাতে সাহায্য করতে পারে, যার ফলে ঋতুস্রাবের সমস্যা, অবাঞ্ছিত রোম এবং ব্রণের মতো সমস্যার উপশম হতে পারে।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। ছবি: সংগৃহীত

এই ঘরোয়া টোটকা সত্যিই কার্যকর?

যষ্টিমধুতে গ্লিসাইরিজ়িন নামে একটি সক্রিয় উপাদান রয়েছে, যা প্রদাহ কমাতে এবং হরমোনের ভারসাম্যে কিছুটা প্রভাব ফেলতে পারে। পাশাপাশি অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে বলে বিপাকীয় স্বাস্থ্যে উন্নতি হতে পারে। কিছু গবেষণায় দেখা গিয়েছে, এটি অ্যান্ড্রোজেনের মাত্রা সামান্য কমাতে সাহায্য করে। ফলে কারও কারও ক্ষেত্রে ব্রণ, অতিরিক্ত রোম বা ঋতুস্রাবের সমস্যা কিছুটা দূর হতে পারে। কিন্তু এটি কোনও চিকিৎসা নয়। সবার ক্ষেত্রে কার্যকর হবে, তারও কোনও মানে নেই। এই রোগের মূল চিকিৎসার মধ্যে রয়েছে ওজন নিয়ন্ত্রণ, সুষম খাবার খাওয়া, নিয়মিত শারীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ।

সবচেয়ে জরুরি বিষয়, যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, অথবা কিডনি ও হৃদ্‌যন্ত্রের রোগ রয়েছে, কিংবা যাঁরা অন্তঃসত্ত্বা, তাঁরা সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এমন টোটকায় ভরসা রাখবেন না। পাশাপাশি, যাঁরা স্টেরয়েড বা উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন, তাঁদেরও সতর্ক থাকা দরকার। যাঁদের কোনও কোমর্বিডিটি নেই, তাঁরা যষ্ঠিমধু ফোটানো জল খেতে পারেন অল্প পরিমাণে। কিন্তু বাকিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্য প্রয়োজনীয়।

Advertisement
আরও পড়ুন