Coconut Water Recipes

পেটের সমস্যায় বেশি ভুগছে ছোটরা, অ্যান্টিবায়োটিকের বিকল্প হতে পারে ডাবের জল দিয়ে তৈরি কিছু পানীয়

পেটের রোগ ঘরে ঘরে। ছোটরা ভুগছে ‘স্টমাক ফ্লু’-তে। এর দাওয়াই অ্যান্টিবায়োটিক নয়, বরং ঘরোয়া কিছু পথ্যই। ডাবের জলের সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে তৈরি করে ফেলুন কয়েকটি ডিটক্স পানীয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:০২
How to cleanse your body with refreshing detox drinks made with Coconut water

পেটের রোগ সারবে, ডিহাইড্রেশনও, রইল কিছু পানীয়ের রেসিপি। ছবি: ফ্রিপিক।

পেটের সমস্যায় জর্জরিত অধিকাংশ মানুষই। গ্যাস, অম্বল, পেটে ব্যথা, ডায়েরিয়া, কোষ্ঠকাঠিন্য— রোগের শেষ নেই। ঝালে-ঝোলে-অম্বলে খাওয়ার অভ্যাস গ্যাস-অম্বলের সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে। তার উপর গরম পড়লেই ভাইরাস ও ব্যাক্টেরিয়ার প্রকোপ বেড়ে যায়। কখনও খাবারের মাধ্যমে, আবার কখনও জলবাহিত হয়ে জীবাণু ঢুকে পড়ে শরীরে এবং খাদ্যনালিতে সংক্রমণ ঘটায়। ইদানীং পেটের সমস্যায় বেশি ভুগছে ছোটরা। ভাইরাল জ্বরের চেয়েও বেশি চিন্তা পেট খারাপ, বমি ও ডায়েরিয়া নিয়ে। ঘরে ঘরেই এই সমস্যা দেখা দিয়েছে। আর পেটের গোলমাল হলেই মা-বাবারা অ্যান্টিবায়োটিক কিনে খাইয়ে দিচ্ছেন, যার ফল হচ্ছে মারাত্মক।

Advertisement

গরমে ডায়েরিয়ার সমস্যা বাড়ে। তবে গরম পড়ার আগে থেকেই পেটের রোগ নিয়ে চিন্তা বেড়েছে। এই বিষয়ে চিকিৎসক অরুণাংশু তালুকদার জানিয়েছিলেন, ইকোলাই, সালমোনেল্লা, ভিব্রিয়ো কলেরির মতো ভাইরাস দাপট দেখায় এই সময়ে। সঙ্গে নোরোভাইরাসের উৎপাতও বেড়েছে, যা পেটের সমস্যার অন্যতম কারণ। ‘স্টমাক ফ্লু’-তে আক্রান্ত হচ্ছে ছোটরা। এর দাওয়াই অ্যান্টিবায়োটিক নয়, বরং ঘরোয়া কিছু পথ্যই।

ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

পেটের যে কোনও সমস্যাতেই ডাবের জল খুবই উপকারী। তবে শুধু ডাবের জল নয়, পেটের রোগ থেকে বাঁচতে এর সঙ্গে মেশাতে হবে আরও কয়েকটি উপকরণ। ছোটদের যদি পেটের রোগের পাশাপাশি জলশূন্যতা বা ডিহাইড্রেশনের সমস্যাও ভোগায়, তা হলে নিয়মিত কয়েকটি পানীয় ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে পারেন। রইল কিছু রেসিপি।

ডাব-লেবু-পুদিনার ইলেকট্রোলাইট

উপকরণ

১ গ্লাস ডাবের জল

আধখানা পাতিলেবুর রস

৫-৬টি টাটকা পুদিনা পাতা

এক চিমটে সৈন্ধব লবণ

শরীরের জন্য উপকারী ইলেকট্রোলাইন পানীয়।

শরীরের জন্য উপকারী ইলেকট্রোলাইন পানীয়। ছবি: ফ্রিপিক।

প্রণালী

ডাবের জলে লেবুর রস ও সামান্য নুন মিশিয়ে নিন। পুদিনা পাতাগুলি হাত দিয়ে সামান্য ঘষে জলে ফেলে দিন। থেঁতো করেও দিতে পারেন। মিনিট দশেক রেখে ছোটদের বার বার খাওয়ান এই পানীয়।

ডাব-তরমুজের রস

উপকরণ

এক কাপ ডাবের জল

৩ কাপ তরমুজের রস

১ চামচ পাতিলেবুর রস

এক চিমটে সৈন্ধব লবণ

প্রণালী

সব উপকরণ মিশিয়ে নিন। সৈন্ধব লবণ সামান্যই দেবেন। এই পানীয়ে চিনি বা মধু মেশানোর প্রয়োজন নেই। বরং কয়েকটি পুদিনা পাতা উপরে ফেলে দিতে পারেন।

পেটের সমস্যা মেটাবে তরমুজের ডিটক্স।

পেটের সমস্যা মেটাবে তরমুজের ডিটক্স। ছবি: ফ্রিপিক।

আদা-হলুদ-ডাবের ডিটক্স

উপকরণ

এক কাপ ডাবের ডল

এক কাপ কমলালেবুর রস

২ চামচ পাতিলেবুর রস

১ চামচ কুচিয়ে নেওয়া আদা

১ চামচ কুচিয়ে নেওয়া গোটা হলুদ

১ চামচ গোটা গোলমরিচ

প্রণালী

ডাবের জল, কমলার রস, আদা, হলুদ মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এতে গোটা গোলমরিচ মিশিয়ে আবারও ব্লেন্ড করুন। এ বার পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় খুব ভাল ইলেকট্রোলাইটের কাজও করবে।

Advertisement
আরও পড়ুন