Breakfast

শীতের আমেজ পড়তেই ঘুম ভাঙতে দেরি হচ্ছে? টিফিনে চটজলদি বানিয়ে নিতে পারেন ৩ খাবার

বানাতে বেশি সময় লাগবে না, আবার খেতেও বেশ সুস্বাদু, এমন কিছু খাবার কিন্তু রয়েছে। চটজলদি হেঁশেলের কাজ সেরে ফেলতে চাইলে সেগুলি বানাতে পারেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ১৬:৫৯
Symbolic image.

সকালে জলখাবার বানিয়ে ফেলুন চটজলদি। ছবি: সংগৃহীত।

ছুটির দিন হলে আলাদা ব্যাপার। কিন্তু অফিস থাকলে সকালে উঠে হেঁশেলে গিয়ে অনেকেই বুঝতে পারেন না কী রাঁধবেন। তা ছাড়া বাড়ির সকলের পছন্দও এক রকম নয়। খাবার হতে হবে স্বাস্থ্যকর। স্বাদের কথাও ভুলে গেলে চলবে না। শীতের সকালে এত কিছু মাথায় রেখে খাবার বানানো সহজ নয়। তবে বানাতে বেশি সময় লাগবে না, আবার খেতেও বেশ সুস্বাদু— এমন কিছু খাবার কিন্তু রয়েছে। চটজলদি হেঁশেলের কাজ সেরে ফেলতে চাইলে সেগুলি বানাতে পারেন।

Advertisement

ওট্‌সের খিচুড়ি

দই কিংবা দুধ দিয়ে সব সময় ওট্‌স না খেয়ে মাঝেমাঝে খিচুড়িও বানিয়ে নিতে পারেন। তাড়াতাড়ি হয়েও যাবে। আবার শরীরও ভাল থাকবে। প্রেশারে গাজর, বিন্‌স, ক্যাপসিকাম, ব্রকোলি টুকরো করে কেটে ভেজে নিন। সব্জিগুলি লালচে হয়ে এলে নুন, হলুদ আর ওট্‌স দিয়ে ভাল করে নে়ড়েচেড়ে নিয়ে জল দিয়ে দিন। দুটো সিটি দিলেই তৈরি ওট্‌সের খিচুড়ি।

চিলা

আটার সঙ্গে গাজর, বিনস্‌, টম্যাটো, ক্যাপসিকাম কুচিয়ে, অল্প জল দিয়ে আঠালো একটি মিশ্রণ তৈরি করুন। চাইলে তাতে একটা ডিমও ভেঙে দিতে পারেন। এ বার কড়াইয়ে অল্প তেল ঢেলে হাতা দিয়ে অল্প অল্প করে মিশ্রণটি ছড়িয়ে দিয়ে প্যানকেকের মতো গড়ে নিন। স্বাদ এবং স্বাস্থ্যের যত্ন— দুই-ই একসঙ্গে নিতে পারবেন।

উপমা

যত্ন নিয়ে বানালে উপমার স্বাদও অমৃতের মতো লাগবে। শুকনো কড়াইতে প্রথমে পরিমাণ মতো সুজি ভেজে তুলে রাখুন। তার পর কড়াইতে তেল অথবা ঘি ঢেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর, বিন্‌স, ক্যাপসিকাম ভেজে নিন। সব্জি হালকা ভাজা ভাজা হয়ে এলে নুন আর সামান্য চিনি দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিন। কিছু ক্ষণ পর সুজি দিয়ে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিন।

Advertisement
আরও পড়ুন