অফিস ডেস্কে বসে উদ্বেগ ও দুশ্চিন্তা কাটানোর ব্যায়াম। ছবি: এআই সহায়তায় প্রণীত।
অফিসে কাজ করতে বসলেই মাথায় গিজগিজ করে হাবিজাবি চিন্তা। অল্পেই উদ্বেগ বাড়ে। মন সারা ক্ষণই চঞ্চল, অস্থির। কাজের অত্যধিক চাপ, কর্মক্ষেত্রে জটিলতা, প্রত্যাশা পূরণ না হওয়া, উচ্চাকাঙ্ক্ষা— সব মিলিয়েই চিন্তার পাহাড় জমে মনে। কাজ সময়মতো শেষ হবে কি না, কাজে ভুলভ্রান্তি হচ্ছে কি না ইত্যাদি চিন্তা সর্ব ক্ষণই ভোগাতে থাকে। বাড়ি ফিরেও স্বস্তি নেই। অফিস নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা থেকেই যায়। ফলে মনের উপর চাপ বাড়তে থাকে। অস্থির লাগে। বুক ধড়ফড় করে। অনেকের সারা শরীর কাঁপতে থাকে, দম বন্ধ হয়ে আসে। মনের উপর চাপ কমাতে এবং বুদ্ধির গোড়ায় শান দিতে যোগাসনই অন্যতম বড় ভরসা হতে পারে। যদি দেখেন মানসিক চাপ বেড়ে গিয়েছে, তা হলে অফিস ডেস্কে বসেই সহজ কিছু ব্যায়াম করে নিতে পারেন।
পাঁচ মিনিটে দূর হবে উদ্বেগ, কী কী ব্যায়াম করবেন
বক্স ব্রিদিং
শ্বাসের এক বিশেষ ব্যায়াম, যা স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে। চার ধাপে করতে হয়। প্রথমে শ্বাস ছাড়ুন। তার পর ২০ সেকেন্ড স্থির হয়ে বসতে হবে। এর পর গভীর ভাবে শ্বাস টানুন টানা ১০ সেকেন্ড ধরে। শ্বাস ধরে রেখে ৫ গুনুন। তার পর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আবারও ১০ সেকেন্ড ধরে। এখানে শেষ নয়। শ্বাস ছাড়ার পরে আরও ৫-৬ সেকেন্ড শ্বাস ধরে রাখুন। তার পর একবারে শ্বাস ছেড়ে ২০ সেকেন্ড বিশ্রাম নিয়ে আবারও পদ্ধতিটি গোড়া থেকে করুন।
সিটেড স্পাইনাল টুইস্ট
চেয়ারে সোজা হয়ে বসুন। পায়ের পাতা মাটিতে থাকবে। এ বার শরীরের উপরের অংশ ডানদিকে ঘোরান এবং ডান হাত দিয়ে চেয়ারের পিছন দিক ধরুন। বাঁ হাত থাকবে ডান হাঁটুর উপর। ১০ সেকেন্ড এই অবস্থায় থেকে অন্য পাশেও একই ভাবে ব্যায়ামটি করুন। খুবই সহজ পদ্ধতি, মিনিট দুয়েকেরও কম সময়ে ব্যায়ামটি করতে পারবেন।
ডেস্ক শোল্ডার শ্রাগ
শ্বাস নিতে নিতে দুই কাঁধ যতটা সম্ভব তুলুন, কয়েক সেকেন্ড রেখে শ্বাস ছাড়তে ছাড়তে কাঁধ নামিয়ে নিন। ৫ বার এই প্রক্রিয়াটি করুন। এতে ঘাড় ও কাঁধের পেশির স্ট্রেচিং হবে, ব্যথা কমবে এবং মানসিক চাপও কমবে। অতিরিক্ত উদ্বেগে মাথাযন্ত্রণা শুরু হলেও ব্যায়ামটি করলে উপকার পাবেন।
নেক রোল অ্যান্ড স্ট্রেচ
সোজা হয়ে বসে পিঠ টানটান করে রাখুন। মাথা ধীরে ধীরে একবার ডান দিকে ও একবার বাঁ দিকে ঘোরান। এর পর থুতনি বুকের কাছে নামিয়ে এনে ঘড়ির কাঁটার দিকে একবার ও উল্টো দিকে একবার ঘোরান। খুব ধীরে করতে হবে যাতে মাথা ও ঘাড়ে বেশি চাপ না পড়ে।
পামিং
দুই হাতের তালু একে অপরের সঙ্গে ঘষে গরম করে নিন। এ বার আলতো করে দুই তালু দিয়ে চোখ ঢেকে ফেলুন। চোখের উপর খুব বেশি চাপ দেবেন না। এই অবস্থায় গভীর ভাবে শ্বাস নিন ও ছাড়ুন ১০-২০ বার। হাতের উষ্ণতা অস্থিরতা কমাবে। মন শান্ত হবে। একটানা ল্যাপটপ বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকার কারণে চোখে ব্যথা হলেও এই পদ্ধতিটি করতে পারেন। এতে চোখের আরাম হবে।