Tiffin Ideas

বয়স্ক বাবার সুগার রয়েছে, বিকেলে চপ-কাটলেট নয়, কী কী টিফিন বানিয়ে দেবেন?

বয়স্কেরা নানা রকম খাবার খেতে চাইবেনই। সে দিকে নিয়ন্ত্রণ রাখা জরুরি। বিশেষ করে প্রবীণ সদস্যটির যদি ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ বা হার্টের রোগ থাকে অথবা বয়সজনিত কারণে কোনও অসুখ থাকে, তা হলে টিফিনে কী কী দেবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১২
Tiffin ideas for elderly individuals with diabetes

বয়স্কদের টিফিনে কী কী বানিয়ে দেবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাড়ির বয়স্কদের নিয়ে চিন্তা থাকেই। বিশেষ করে ষাটোর্ধ্ব বাবা-মায়ের যদি সুগার বা প্রেসার থাকে, তা হলে চিন্তা আরও বাড়ে। সময়মতো ওষুধ যেমন খেতে হয়, তেমনই জরুরি সঠিক পথ্যও। ষাটোর্ধ্ব পুরুষের ওজন যদি ৬৫ থেকে ৭০ কিলোগ্রামের মধ্যে হয় এবং ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা থাকে, তা হলে খাওয়াদাওয়ায় বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কেরা মুখরোচক খাবার খেতে চাইবেনই। বিকেলের জলখাবারে তাই চপ-কাটলেট নয়, বানিয়ে দিন স্বাস্থ্যকর কিছু টিফিন।

Advertisement

টিফিনে কী কী বানিয়ে দেবেন?

মাখানার ক্ষীর

প্রোটিন,ক্যালশিয়াম ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ মাখানা দিয়ে যদি পায়েস বানান, তা খেতে হবে একদম বাঙালি বাড়ির ক্ষীরের মতোই। তবে তা হবে আরও স্বাস্থ্যকর। এই ক্ষীর খেলে সুগার বেড়ে যাওয়ার ভয় থাকবে না। এর জন্য কড়াইতে এক চামচ ঘি গরম করে এক কাপ মতো মাখানা ভাল করে রোস্ট করে নিন। এর পর চামচ দিয়ে ভাল করে মাখানাগুলি ভেঙে গুঁড়িয়ে নিন। এর সঙ্গে চার কাপের মতো দুধ মিশিয়ে ভাল করে ফোটান। ১৫-২০ মিনিট কম আঁচে ফোটালে পায়েস ঘন হয়ে যাবে।

নারকেলের বরফি

চিনি দেওয়া বরফির বদলে নারকেলের বরফি অনেক বেশি স্বাস্থ্যকর। এতে কিন্তু কৃত্রিম চিনি মেশাবেন না। বদলে গুড় দিতে পারেন। এটি বানাতে উপকরণ বেশি লাগবে না। আধ খানা নারকেল, সামান্য ঘি, ২ চামচের মতো গুড় ও কিছু ড্রাই ফ্রুট্‌স।

চিজ়ের সঙ্গে আনারসের স্ন্যাক্স

খুবই সহজ বানানো। আধ কাপের মতো চিজ় নিয়ে তার সঙ্গে আনারসের টুকরো মিশিয়ে নিন। উপরে এক চিমটে দারচিনির গুঁড়ো ছড়িয়ে ফ্রিজে রেখে দিন। খিদে পেলে এই স্ন্যাক্স খেতে পারেন। খেতেও সুস্বাদু হবে এবং ভাজাভুজি ও মিষ্টি খাওয়ার প্রবণতাও কমবে।

ওট্‌স দিয়ে দই বড়া

ওট্‌স গুঁড়ো করে তার সঙ্গে সামান্য সুজি, টক দই ও জল মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। ইডলি মেকারে বা ছোট বাটিতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ভাপে সেদ্ধ করে নিন। এ বার বড়াগুলি ঠান্ডা হলে তার উপর আরও কিছুটা ফেটানো টক দই, তেঁতুলের চাটনি ও চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন