Shoulder Pain

খেলতে গিয়ে কাঁধে চোট? ক্রমে অসহ্য হয়ে উঠছে ব্যথা, আরাম হবে সহজ তিন যোগাসনে

খেলতে গিয়ে কাঁধে আঘাত লেগে ব্যথা হয় অনেকেরই। বিশেষ করে কাঁধের হাড়ে প্রদাহ শুরু হলে, তা সহজে কমে না। এমন অবস্থায় ব্যথানাশক ওষুধ খাওয়ার বদলে যোগব্যায়াম করলে উপকার হবে বেশি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯
Try these simple yoga poses to ease stiffness and improve mobility of shoulder

কাঁধের ব্যথা সারবে সহজ কিছু যোগাসনে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

কাঁধের ব্যথা মানেই ফ্রোজ়েন শোল্ডারের সমস্যা তা নয়। নানা কারণেই কাঁধে ব্যথা হয়। অনেক সময়ে খেলাধুলো করতে গিয়ে কাঁধে টান লাগে অথবা আঘাত লেগে যায় কোনও কারণে। তা থেকেও প্রচণ্ড ব্যথা হয়। কাঁধে ব্যথার একটি ধরন হল টেন্ডিনাইটিস, যা সাধারণত খেলোয়াড়দের বা যাঁরা ভারী ওজন তোলেন, তাঁদের বেশি হয়।

Advertisement

টেন্ডন হল এক ধরনের শক্ত কিন্তু নমনীয় কোষ যা কাঁধের অস্থিসন্ধির সঙ্গে পেশিকে সংযুক্ত করে রাখে। আঘাত লেগে এই কোষগুলি ক্ষতিগ্রস্ত হলে বা কোষে ক্ষত তৈরি হলে তখন মারাত্মক প্রদাহ হয়। কাঁধের হাড়ে যন্ত্রণা শুরু হয়। একে বলে টেন্ডিনাইটিস। অনেকেই টেন্ডিনাইটিসকে স্পন্ডিলাইটিস বা ফ্রোজ়েন শোল্ডারের সঙ্গে গুলিয়ে ফেলেন। তবে এ ক্ষেত্রে ব্যথার তীব্রতা বেশি। একটানা তা চলতে থাকে। কেবল ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যথার নিরাময় হয় না। চিকিৎসকেরা বলেন, টেন্ডিনাইটিস সারাতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে যাতে হাত ও কাঁধের পেশির জড়তা কেটে যায়। কী ধরনের ব্যায়াম করলে সুফল হবে, তা জেনে নিন।

গোমুখাসন

ম্যাটের উপর সোজা হয়ে বসুন। দুই হাত থাকুক কোলের উপর। চোখ বন্ধ করে ঘাড়, পিঠ ও মাথা সোজা করে বসুন। এ বারে বাঁ হাত কোমরের নীচের দিক থেকে পিঠের দিকে তুলুন। ডান হাত ঘাড়ের পিছন থেকে নীচের দিকে নামান। তার পর ধীরে ধীরে ডান হাত দিয়ে বাঁ হাতের আঙুল ধরার চেষ্টা করুন। আসন শুরুর দিকে দুই হাতের আঙুল ধরা মুশকিল হতে পারে। তবে নিয়মিত অভ্যাস করলে তা আয়ত্তে আসবে। আসনটি করার সময়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। ২০ সেকেন্ড করে তিন বার করতে হবে আসনটি।

গরুড়াসন

প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। এ বার হাঁটু সামান্য ভাঁজ করে বাঁ পায়ের ঊরু, ডান পায়ের উপর তুলুন। এমন ভাবে পা রাখতে হবে, যেন দেখে মনে হয়, বাঁ পা, ডান পা-কে পেঁচিয়ে রেখেছে। দু’হাত সামনের দিকে প্রসারিত করে কনুই ভাঁজ করুন। ডান হাতের উপর বাঁ হাত পেঁচিয়ে ধরুন। দু’হাতের তালু থাকবে প্রণামের ভঙ্গিতে। লম্বা শ্বাস নিয়ে এই ভঙ্গি ধরে রাখতে হবে অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড।

মার্জারাসন

প্রথমে মাটিতে দুই পা এবং হাতের উপর ভর দিয়ে বিড়ালের মতো ভঙ্গি করুন। এর পর এক বার পিঠ ফুলিয়ে উঁচু করুন, মাথা নিচু করে শ্বাস নিন, আবার পেট ঢুকিয়ে শ্বাস ছাড়ুন। এই আসন অভ্যাস করুন ৫ বার করে অন্ততপক্ষে ৫ মিনিট।

Advertisement
আরও পড়ুন