Reasons of Dream

পা হড়কে নীচে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন কখনও? ঘুমের মধ্যে সেই মুহূর্তে আপনার শরীরে কী হয় জানেন

ঘুমের মধ্যে হঠাৎ পা হড়কে নীচে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন মাঝেমধ্যেই? নিজেকে বাঁচানোর জন্য আপনি নড়েচড়ে ওঠেন? এই ঝাঁকুনি লাগাকে বলা হয় ‘হিপনিক জার্ক’। বিষয়টি কী জানেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭
ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখেছেন কখনও?

ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখেছেন কখনও? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আপনি গভীর ঘুমে। স্বপ্ন দেখছেন। যেন আপনি কোনও পাহাড়ের ধারে, অথবা উঁচু বাড়ির ছাদে, কিংবা ব্রিজের কিনারায় দাঁড়িয়ে। হঠাৎ পা হড়কে গেল। নীচে পড়ে যাওয়ার মুহূর্তে আপনার ঘুম ভেঙে গেল, বা ঘুমের মধ্যেই বুঝলেন, এ তো স্বপ্ন। সেই এক মুহূর্তের জন্য আপনি নিজেকে সামলে নিলেন। ঝাঁকুনি লাগল শরীরে। কেন এমন হয়?

Advertisement

ক্যালিফোর্নিয়ার অ্যানাস্থেশিস্ট মায়রো ফিগুরা বলছেন, পড়ে যাওয়ার স্বপ্নের মাঝে ঝাঁকুনি লাগার এই ঘটনাকে ‘হিপনিক জার্ক’ বলা হয়। এগুলি ঘুমের শুরুতে হঠাৎই ঘটে। আচমকা পেশিগুলি সঙ্কুচিত হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। সেটিই হল ‘হিপনিক জার্ক’। চিকিৎসকের কথায়, ‘‘আপনি যখন ঘুমোচ্ছেন, আপনার পেশিগুলি শিথিল হয়ে থাকে। কিন্তু কখনও সখনও মস্তিষ্ক ভাবতে থাকে, আপনি পড়ে যাচ্ছেন, তাই পেশি এত শিথিল হয়ে রয়েছে। তাই আপনিও ভাবেন, আপনি পড়ে যাচ্ছেন আর নিজেকে বাঁচানোর জন্য নড়েচ়়ড়ে ওঠেন।’’ পেশি শিথিল হওয়াকে ভুল বুঝে নিজেকে সামলানোর জন্য হঠাৎ পেশি সঙ্কুচিত করে ফেলে মস্তিষ্ক। ফলে এমন ঝাঁকুনি ও পড়ে যাওয়ার অনুভূতি হয়। এটি অতি সাধারণ ঘটনা। কিন্তু কেন ঘটে, তা জানতে হবে।

চিকিৎসক বলছেন, ‘হিপনিক জার্ক’ কিন্তু নানা রকম সমস্যার ইঙ্গিত হতে পারে। মানসিক চাপ, ক্লান্তি, অতিরিক্ত ক্যাফিন সেবন বা অনিয়মিত ঘুমের কারণে বেশি দেখা দিতে পারে। আর এমন স্বপ্ন যদি ঘন ঘন দেখেন, তা হলে বুঝবেন, অনিদ্রার সমস্যায় ভুগছেন। চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে সে ক্ষেত্রে।

Advertisement
আরও পড়ুন