ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে মা মঙ্গলচণ্ডীর ব্রতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মা মঙ্গলচণ্ডী হলেন হিন্দু ধর্মে মহাশক্তির এক কল্যাণময়ী রূপ। তিনি ভক্তের আশপাশে থাকা অশুভ শক্তির বিনাশ করেন এবং সংসারে সুখ-শান্তি-সমৃদ্ধি নিয়ে আসেন। জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। আবার কেউ কেউ প্রথম আর শেষের মঙ্গলবারটা উপবাস রাখেন। এই পুজো করলে ভক্তের মনের কামনা দ্রুত পূরণ হয় এবং সকল কাজ ভালয় ভালয় মিটে যায়। মঙ্গলচণ্ডীর ব্রতের দিন সারা দিন উপবাস রাখেন বাড়ির রমণীরা। উপবাস থেকে বিধি অনুসারে মায়ের পুজো দেন এবং ব্রতকথা শুনে তবেই জল পান করেন। দিনের বেলা ফলাহার করেন এবং রাতের বেলা লুচি খান। এই দিন উপবাসের সঙ্গে সঙ্গে বিশেষ কিছু নিয়ম যদি মানতে পারা যায় তা হলে সংসারে সুখ-শান্তি বিরাজ করে।
নিয়ম:
১) এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার করতে হবে।
২) যাঁদের বিবাহে বাধা রয়েছে তাঁরা এই ব্রত পালন করতে পারেন।
৩) এই ব্রত করার সময় নতুন লাল বস্ত্র পরিধান করতে হবে।
৪) এই দিন মাকে আলতা, সিঁদুর, আয়না অর্পণ করতে হয়।
৫) সন্তানের মঙ্গলকামনায় মায়েরা এই উপবাস করে থাকেন।
৬) এই দিন যিনি উপবাস রাখেন, তিনি গম এবং গুড়ের তৈরি খাবার অবশ্যই খাবেন।
৭) এই পুজোয় যে কোনও লাল রঙের ফুল অবশ্যই অর্পণ করতে হয়, জবা ফুল অর্পণ করা খুবই শুভ। এ ছাড়া লাল ফুলে লাল চন্দন মাখিয়ে অর্পণ করা খুবই শুভ।