ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
প্রায় মানুষই বহু বার প্রেমে পড়েন। প্রেম যে এক বারই করতে হবে এমন কোনও নিদান কেউ কখনও দিয়ে যাননি। তাই একাধিক বার প্রেমে পড়ায় কোনও বাধাও নেই। ভালবাসা মানুষের মনে যতটা আনন্দ বয়ে আনে, তার দ্বিগুণ কষ্ট হয় যখন পছন্দের মানুষ ছেড়ে চলে যান। যদিও কষ্ট ছাড়া ভালবাসাবাসি হয় না। বিচ্ছেদ সম্পর্কেরই অংশ। সব সম্পর্ক পূর্ণতা পায় না। তবে সব মানুষের ছেড়ে যাওয়ার পদ্ধতিও সমান হয় না। অনেকে মুখের উপর বলে দেন যে সম্পর্কটি তাঁর পক্ষে আর টেনে নিয়ে চলা সম্ভব হচ্ছে না। কিন্তু অনেকে আবার সে সব কথা মুখে বলেন না, তাঁর আদব-কায়দা দেখে বুঝে নিতে হয় যে তাঁর মন উঠে গিয়েছে। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের ১২টি রাশির ভালবাসা জানানোর ধরন যেমন আলাদা, তেমনই ভালবাসা যে কমে গিয়েছে সেটা প্রকাশ করার কায়দাতেও ভিন্নতা দেখা যায়। ভালবাসার সপ্তাহে জেনে নিন, কোন রাশি কী ভাবে বিচ্ছেদের পথে হাঁটে।
মেষ: মেষ জাতক-জাতিকারা ধুমকেতুর মতো বিচ্ছেদের প্রস্তাব নিয়ে উদয় হন। এঁরা আগে থাকতে সঙ্গীকে কিছু বোঝার সুযোগ দেন না। সকল বিরক্তিকে নিজের মনে চেপে রেখে দেন। নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন মেষ রাশির ব্যক্তিরা। কিন্তু যখন বোঝেন যে আর পারা যাচ্ছে না, তখন হুট করেই সমস্তটা উগড়ে দিয়ে বেরোনোর পথ খোঁজেন।
বৃষ: সম্পর্কের প্রতি টান কমে যাওয়ার পরও বৃষ জাতক-জাতিকারা থেকে যান। কারণ, তাঁরা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না। সম্পর্কে থাকা মানুষটির সঙ্গে বৃষ জাতক-জাতিকাদের যে সখ্য ও স্বাচ্ছন্দ্যবোধ তৈরি হয়ে যায়, সেটিকে কাটিয়ে এঁরা বেরিয়ে আসতে পারেন না। তবে বৃষ ব্যক্তিদের কাছে সম্পর্কের গুরুত্ব কমে যায়। তাঁদের আচরণে সেটা প্রকাশ পায়। তখনই শুরু হয় সমস্যা।
মিথুন: মিথুন জাতক-জাতিকারা সহজে কাউকে ছেড়ে চলে যেতে পারেন না। যদিও মানসিক ভাবে এঁরা দূরে চলে যান, তবে তাঁদের সঙ্গে কথা বলা থামান না। ফলত সঙ্গী বুঝে উঠতে পারেন না সম্পর্ক কোথায় দাঁড়িয়ে রয়েছে। যদিও কথোপকথনের মাত্রা আগের থেকে বদলে যায়। মিথুন ব্যক্তিদের মনে থাকা সঙ্গীর প্রতি টানও সময়ের সঙ্গে কমতে থাকে।
কর্কট: সম্পর্কে ছোট্ট ঝামেলাকেও কর্কট জাতক-জাতিকারা অনেক বড় করে দেখেন। বিচ্ছেদ পর্যন্ত গড়ানোর আগেই এঁরা অনেক কিছু ভেবে নেন। আবেগগত ভাবে নিজেদের সঙ্গীর থেকে দূরে সরিয়ে আনেন। তবে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও এঁদের মনে প্রাক্তনের প্রতি জায়গা থেকে যায়। পুরনো ভালবাসা পুরোপুরি ভুলে নতুনের দিকে এগিয়ে যেতে এঁদের বেশ কিছুটা সময় লাগে।
সিংহ: সিংহ রাশির ব্যক্তিরা সব কিছু সঙ্গে মানিয়ে নিতে পারেন, তবে অসম্মান ও অবহেলা এঁরা কিছুতেই সহ্য করেন না। যে সম্পর্কে এঁরা সম্মান পান না, সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেন না। সম্পর্ক যতই পুরনো হোক না কেন, সিংহ রাশির ব্যক্তিরা যখন বোঝেন যে তাঁদের গুরুত্ব সঙ্গীর কাছে আর আগের মতো নেই, তখনই তাঁরা বিচ্ছেদের পথ বেছে নেন।
কন্যা: সঙ্গীর স্বভাবে পরিবর্তন দেখতে পেলেই কন্যা জাতক-জাতিকারা সজাগ হয়ে যান। এঁরা চেষ্টা করেন সম্পর্ককে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার। সঙ্গীকে শোধরানোর নানা সুযোগও দেন। কিন্তু বেশ কিছুটা সময় চলে যাওয়ার পরও যখন অবস্থার কোনও পরিবর্তন দেখা যায় না, তখন এঁরা আর মানিয়ে নিতে পারেন না। সঙ্গীর থেকে দূরে চলে আসেন।
তুলা: সম্পর্কে বিচ্ছেদ তুলা জাতক-জাতিকাদের পছন্দ নয়। এঁরা চেষ্টা করেন কী করে সেটি হওয়া থেকে আটকানো যায়। প্রয়োজনে মিথ্যা বলতেও পিছপা হন না। জীবনের বাকি ক্ষেত্রগুলির মতো, সম্পর্কেও ভারসাম্য রক্ষা করে এগিয়ে চলতে পছন্দ করেন তুলা জাতক-জাতিকারা। যখন পরিস্থিতি এঁদের হাতের বাইরে চলে যায়, তখন তুলা রাশির ব্যক্তিরা সব কিছু সঙ্গীর উপর ছেড়ে দেন।
বৃশ্চিক: সম্পর্কে ইতি টানা বৃশ্চিক জাতক-জাতিকাদের কাছে কোনও সাধারণ ব্যাপার না। সঙ্গীর কোনও কথায় বা আচরণে তীব্র কষ্ট পেলে বা বিশ্বাস ভাঙলে এঁরা সেই পথ বেছে নেন। তবে ঝামেলা করে ছেড়ে চলে যান না। বৃশ্চিক জাতক-জাতিকারা শান্ত ভাবে সঙ্গীর জীবন থেকে দূরে সরে যাওয়ার বিশ্বাসী। এঁরা আর দ্বিতীয় বারের জন্য পিছন ফিরে তাকান না।
ধনু: ধনু জাতক-জাতিকারা সম্পর্কে স্বাধীনতার অভাব বোধ করলে বিচ্ছেদের পথ বেছে নেন। এঁদের ভালবাসার বাঁধনে আটকানো যায় না। ধনু জাতক-জাতিকারা নিজের ছন্দে চলতে ভালবাসেন। তাই সঙ্গী যখনই এঁদের উপর নিজের আধিপত্য বিস্তার করতে চায়, তখনই এঁরা তাঁর থেকে দূরে সরে যান।
মকর: আবেগের বশে মকর জাতক-জাতিকারা সম্পর্কে ইতি টানেন না। এঁরা যা-ই করেন, ভবিষ্যতের কথা ভেবে করেন। মকর রাশির ব্যক্তিরা যদি মনে করেন যে এই সম্পর্ক ভবিষ্যতে টেনে নিয়ে যাওয়া উচিত হবে না, তখন কোনও দৈবশক্তি এঁদের সিদ্ধান্ত বদলাতে পারবেন না। নিজের মতামত জানিয়ে এঁরা সঙ্গীকে জীবন থেকে মুছে ফেলেন।
কুম্ভ: আবেগের ডোরে বাঁধতে চাইলে কুম্ভ জাতক-জাতিকারা ভয় পেয়ে যান। তখন পালানোর পথ খোঁজা শুরু করে দেন। মানসিক ভাবে এঁরা দূরে সরে আসেন। সঙ্গীকে সেটির আঁচও পেতে দেন না। তবে এক দিন হুট করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সঙ্গীর সামনে গিয়ে দাঁড়ান। তখন শত অনুরোধেও কুম্ভ জাতক-জাতিকাদের আর আটকে রাখা যায় না।
মীন: সংবেদনশীল মীন জাতক-জাতিকারা সহজে সঙ্গীকে ভুলতে পারেন না। বিচ্ছেদের পরও এঁরা তাঁর ভাবনায় বুঁদ থাকেন। এই রাশির ব্যক্তিরা সচরাচর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন না। উল্টে চেষ্টা করেন সম্পর্ককে কী ভাবে টিকিয়ে রাখা যায়। তবে সঙ্গী যেতে চাইলে এঁরা তাঁকে আটকান না। স্মৃতি রোমন্থন করে চলেন।