ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
অনেক সময়ই দেখা যায় সামান্য কারণে রেগে উঠছেন জীবনসঙ্গী। হয়তো রাগ করার মতো কোনও বিষয় ঘটেইনি, তা সত্ত্বেও অকারণে মুখঝামটা শুনতে হয়। আর উল্টো দিকের মানুষটি আকাশপাতাল ভেবে চলেন যে তার ভুলটা কী ছিল! দু’-চার দিন তাও নয় মানা যায়, কিন্তু এ যদি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে ওঠে, তবে তা সত্যিই সমস্যার। এ ভাবে ক্ষোভ জমতে থাকলে দাম্পত্যজীবনের মাধুর্য যে কখন নষ্ট হয়ে যাবে, তা টেরই পাওয়া যাবে না।
এই সমস্যার সমাধান রয়েছে জ্যোতিষশাস্ত্রে। সঠিক উপায়ে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী টোটকা মেনে চললে বিভিন্ন সমস্যা থেকে মুক্তির পথ পাওয়া যায় বলে মনে করা হয়। আর্থিক অনটন, ভগ্ন স্বাস্থ্য থেকে শুরু করে সন্তানের লেখাপড়া— বিভিন্ন বিষয়েই কোনও না কোনও প্রতিকার বলে থাকেন শাস্ত্রজ্ঞেরা। সঙ্গীর রাগ কমানোর জন্য কী উপায় মানতে বলছেন জ্যোতিষবিদেরা, তা জেনে নিন—
শাস্ত্রবিদদের মতে, এর সমাধান আপনি খুঁজে পাবেন রান্নাঘরে গেলেই। লবঙ্গ এই সঙ্কট থেকে মুক্তি দেবে আপনাকে। জ্যোতিষশাস্ত্রে লবঙ্গের গুরুত্ব অপরিসীম। লবঙ্গ কেবল রান্নার মশলা নয়, এটিকে ইতিবাচক শক্তি বৃদ্ধির একটি শক্তিশালী উপকরণ হিসাবে গণ্য করা হয়। তবে মশলার কৌটো থেকে যেমন-তেমন ভাবে একটি লবঙ্গ নিয়ে নিলেই হবে না। বাজার থেকে কিনে আনা পরিষ্কার লবঙ্গ ব্যবহার করতে হবে।
রাতে শোয়ার আগে সঙ্গীর বালিশের নীচে একটি লবঙ্গ রেখে দিন। তার পর ইষ্টদেবতার কাছে স্বামী অথবা স্ত্রীর মঙ্গলকামনা করে প্রার্থনা করুন। তবে, এই কাজটি কিন্তু খুব গোপনে করতে হবে। যাঁর রাগ কমাতে চান, তিনি যেন বিষয়টি কোনও ভাবেই টের না পান। নিয়মিত এই টোটকাটি পালন করলে উপকার পাবেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।