Vastu Tips for Homes

সাধ করে কেনা বাড়িতে দক্ষিণমুখী দরজা? পাঁচ প্রতিকার না করলে সে দরজায় কড়া নাড়তে পারে ভয়ঙ্কর অমঙ্গল!

বাস্তুমতে, বাড়ির প্রধান দরজার অবস্থান কোন দিকে সে বিষয়টির বিশেষ গুরুত্ব। কারণ, প্রচলিত বিশ্বাস বাড়িতে ইতিবাচক বা নেতিবাচক শক্তি প্রবেশ করে এই পথেই। প্রধান দরজার অবস্থান সঠিক দিকে না হলে বাস্তুদোষ সৃষ্টি হয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৮:২৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়ি তৈরির সময় প্রতিটি বিষয়ের উপর বিশেষ ভাবে নজর দেওয়া প্রয়োজন। নির্মাণসামগ্রী খাঁটি কি না সে দিকে যেমন লক্ষ রাখতে হবে, তেমনই বাস্তুশাস্ত্রের নির্দেশগুলিও মেনে চলা জরুরি। বাস্তুমতে, বাড়ির প্রধান দরজা কোন দিকে রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রচলিত বিশ্বাস বাড়িতে ইতিবাচক বা নেতিবাচক শক্তি প্রবেশ করে এই পথেই। প্রধান দরজার অবস্থান যদি সঠিক দিকে না হয়, তাহলে বাস্তুদোষ সৃষ্টি হয়। এর ফলে জীবনে নানাবিধ সমস্যা দেখা দেয়। আর্থিক দুরবস্থা, স্বাস্থ্যের অবনতি এমন নানা কিছু ঘটতে পারে।

Advertisement

দশটি দিকের প্রতিটিতেই কোনও না কোনও ‘দেবতা’ অধিষ্ঠান করেন। দক্ষিণ দিকে থাকেন মৃত্যুদেবতা যমরাজ। এই কারণেই দক্ষিণমুখী দরজার বিষয়ে নিষেধ রয়েছে বাস্তুশাস্ত্রে। কিন্তু অনেক সময়ই তা মেনে চলা সম্ভব হয় না। কেননা বহু মানুষই আগে থেকে তৈরি করা বাড়ি বা ফ্ল্যাট কেনেন। সেই সব ক্ষেত্রে কিছু বিশেষ প্রতিকার মেনে চলা আবশ্যক—

  • ১। গণেশের ছবি: সিদ্ধিদাতার অপর এক নাম বিঘ্নেশ। সব বাধাবিঘ্ন নাশ করেন তিনি, এমনটাই বিশ্বাস। প্রধান দরজার উপরে বা পাশে বিঘ্ননাশী এই দেবতার ছবি টাঙালে বাড়ির বাসিন্দাদের জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর হয়। সুখ-শান্তি বজায় থাকে।
  • ২। স্বস্তিক চিহ্ন: বাড়িঘর ধোয়ামোছার কাজ সেরে দরজায় প্রতি দিন একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। ইতিবাচক শক্তিতে আকৃষ্ট করে এই পবিত্র চিহ্ন। রোজ সম্ভব না হলে স্থায়ী ভাবে দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে রাখতে পারেন অথবা রুপোর স্বস্তিক ঝুলিয়ে রাখতে পারেন।
  • ৩। পঞ্চমুখী হনুমানের ছবি: প্রধান দরজার উপর পঞ্চমুখী হনুমানের ছবি থাকলে বাস্তুদোষ অনেকটাই কমে যায় বলে বিশ্বাস। সঙ্কটমোচনকারী বজরংবলী বাড়িতে অশুভ শক্তিকে প্রবেশে বাধা দেন।
  • ৪। ক্যাকটাস গাছ: দক্ষিণমুখী বাড়ির দরজার পাশে ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত গাছ রাখলে তা কল্যাণকর হবে। প্রচলিত বিশ্বাস, শত্রুর কুদৃষ্টি এবং নেতিবাচক শক্তিকে প্রতিরোধ করবে ক্যাকটাসের কাঁটা।
  • ৫। আয়না বসান: মূল দরজার ঠিক বিপরীত দিকের দেওয়ালে একটি বড় আয়না রাখুন। দরজা দিয়ে কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করলে, তা আয়নায় প্রতিফলিত হয়ে বাড়ির বাইরে চলে যায় বলে কথিত আছে।

মূল দরজার জন্য কোন দিকটি শ্রেষ্ঠ?

বাস্তুমতে প্রধান দরজার জন্য সবচেয়ে শুভ হল ঈশান কোণ, অর্থাৎ উত্তর-পূর্ব দিকটি। এটি দেবতাদের দিক বলে বিশ্বাস রয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব দিকও শুভ। তবে দক্ষিণ দিকের মতোই, দক্ষিণ-পশ্চিম দিকেও প্রধান দরজা রাখা উচিত নয়।

Advertisement
আরও পড়ুন