ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বেশির ভাগ মানুষই স্বপ্নে উদ্ভট জিনিসের দেখা পান। সেগুলি পরদিন সকালে আর মনেও থাকে না। কোনও স্বপ্ন আমাদের হাসির খোরাক হয়, কিছু স্বপ্ন আবার মনে শঙ্কার জন্ম দেয়। কিছু কিছু স্বপ্ন আছে যার রেশ মনে থেকে যায়। তেমনই এক স্বপ্ন হল মৃত্যুর স্বপ্ন। অনেকেই কাছের মানুষ বা পরিচিত কারও মৃত্যুর স্বপ্ন দেখেন। নিজের মৃত্যুর স্বপ্নও বহু মানুষই দেখে থাকেন। এমন স্বপ্ন দেখলে ভয় পাওয়া অস্বাভাবিক কোনও বিষয় নয়। কিন্তু স্বপ্নে কাউকে বা নিজেকে মরতে দেখা মানে কি সত্যিই দিন ফুরিয়ে আসছে? জেনে নিন শাস্ত্র কী বলছে।
নিজের মৃত্যু: স্বপ্নে নিজের মৃত্যু দেখে ভয়ে গায়ের রোম খাড়া হয়ে গেলও, আদতে এটি একটি শুভ স্বপ্ন। এর মানে আপনার আয়ু কমছে না, উল্টে বৃদ্ধি পাচ্ছে। জীবনে শীঘ্রই কোনও সুপরিবর্তন আসারও ইঙ্গিত দেয় নিজের মৃত্যুর স্বপ্ন। এই স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবন থেকে নেগেটিভ শক্তি দূর হয়ে পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটবে। সুপরিবর্তন আসবে।
আত্মীয়ের মৃত্যু: স্বপ্নে কোনও আত্মীয়ের মৃত্যু দেখাও শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। সাধারণত বাস্তবে সেই ব্যক্তিকে ঘিরে থাকা দুশ্চিন্তার জন্যই আমরা এই স্বপ্ন দেখে থাকি। তবে এই স্বপ্ন দেখা অশুভ কিছু নয়। বরং স্বপ্নে কোনও আত্মীয়ের মৃত্যু দেখা মানে উক্ত ব্যক্তির শরীর-স্বাস্থ্যের উন্নতি হওয়া ও আয়ু বৃদ্ধি পাওয়া। এরই সঙ্গে এই স্বপ্ন সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের বন্ধন মজবুত হওয়ারও ইঙ্গিত দেয়।
মৃত আত্মীয়ের স্বপ্ন: বহু মানুষই মৃত আত্মীয়কে স্বপ্নে দেখতে পান। এমন স্বপ্নও আমাদের মনে ভয় সৃষ্টি করে। তবে এই স্বপ্ন শুভ নয়। আগত কোনও জটিল সমস্যার ইঙ্গিত দেয়। সাধারণত উক্ত মানুষটির প্রতি থাকা গভীর অনুভূতির কারণেই আমরা এ সকল স্বপ্ন দেখে থাকি।
অসুস্থ ব্যক্তির মৃত্যুর স্বপ্ন: কোনও ব্যক্তি বহু দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগলে তাঁকে ঘিরে নানা স্বপ্ন আসতেই পারে। স্বপ্নে তাঁর মৃত্যু দেখলে মন কুগান গায় ঠিকই, তবে এই স্বপ্ন শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। স্বপ্নে কোনও অসুস্থ মৃত্যু দেখলে বুঝবেন সেই ব্যক্তি শীঘ্রই রোগ থেকে মুক্তি পেতে চলেছে।
মৃত্যুসংবাদ পাওয়ার স্বপ্ন: স্বপ্নে কারও মৃত্যুর খবর পাওয়া মানে জীবনে কোনও বিশেষ পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তন ভাল হবে না খারাপ তা সময়ের উপর নির্ভর করছে। উভয় পরিবর্তনেরই ইঙ্গিত বোঝায় এই স্বপ্ন।