অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কলকাতা বিমানবন্দর চত্বরে উত্তেজনা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে নামার আগেই বিজেপি ও তৃণমূলের একাংশের মধ্যে শুরু হয় ধ্বস্তাধস্তি। যা হাতাহাতির রূপ নেয়। সূত্রের খবর, বচসার সূত্রপাত ডিম থেকে। তত ক্ষণে বিমান থেকে নামেন অভিষেক। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত মদ্যপ দুষ্কৃতিকারীর কাছে আগ্নেয়াস্ত্রও ছিল।
অভিযোগ, অভিষেককে ঘিরে বিক্ষোভ দেখানোর উদ্দেশে ডিম নিয়ে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে, তৃণমূলের কর্মী ও সমর্থকেরা সেখানে জমায়েত হন দলীয় নেতাকে স্বাগত জানানোর জন্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসা রূপ নেয় হাতাহাতির। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিমানবন্দর চত্বরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এই অভিষেকের পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দিল্লি থেকে আসা বিমানে কলকাতায় পৌঁছোন অভিষেক। তবে মূল প্রবেশদ্বার এড়িয়ে নির্বিঘ্নেই বিমানবন্দর থেকে বার করে আনা হয় অভিষেককে। তৃণমূলের অভিযোগ, বিক্ষোভকারীরা বিজেপি আশ্রিত। তাঁদের মধ্যে এক জন মত্ত অবস্থায় ছিলেন। আরও অভিযোগ, ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্রও ছিল।
অভিযুক্ত ব্যক্তি (হলুদ পোশাক)। —নিজস্ব চিত্র।
বিমানবন্দরে উত্তেজনা। —নিজস্ব চিত্র।
শেষ পর্যন্ত পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দুই পক্ষের হাতাহাতির কারণে বিমানবন্দরে আসা অন্যান্য যাত্রীদের বেশ কিছুক্ষণের জন্য সমস্যার সম্মুখীন হতে হয়।