Hard Landing

বায়ুসেনার বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর জেরে বিপত্তি, সাময়িক ভাবে বন্ধ করা হল পুণে বিমানবন্দরের রানওয়ে

ভারতীয় বায়ুসেনার একটি পরিবহণ বিমানের অবতরণের সময় বিপত্তির জেরে ওই ঘটনা বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর। হার্ড ল্যান্ডিং-এর ফলে বিমানটি রানওয়েতে আটকে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:২২
পুণে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা।

পুণে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা। —ফাইল চিত্র।

শুক্রবার গভীর রাতে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে গিয়েছে পুণে বিমানবন্দরের রানওয়ে। এর ফলে শনিবার সকাল পর্যন্ত যাত্রিবাহী বিমানের উড়ান এবং অবতরণ ব্যাহত হয়েছে।

Advertisement

বিমানের হার্ড ল্যান্ডিং হল এমন একটি অবতরণ, যেখানে বিমানটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উল্লম্ব গতি (ভার্টিকল স্পিড) নিয়ে রানওয়েতে আঘাত করে। প্রতিকূল আবহাওয়া, ছোট রানওয়েতে দ্রুত অবতরণের প্রয়োজনীয়তা, পাইলটের ভুল সিদ্ধান্ত, যান্ত্রিক সমস্যার মতো কারণে এমন হতে পারে। তবে পুণে-কাণ্ডের কারণ ঠিক কী, সে বিষয়ে কিছু জানায়নি বায়ুসেনা।

শনিবার সকালে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারতীয় বায়ুসেনার একটি পরিবহণ বিমানের অবতরণের সময় বিপত্তির জেরে ওই ঘটনা বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর। হার্ড ল্যান্ডিং-এর ফলে বিমানটি রানওয়েতে আটকে যাওয়ায় উড়ান-অবতরণ ব্যাহত হয়। তবে বায়ুসেনার বিমানের চালক ও ক্রু সদস্যেরা জখম হননি। বিমানবন্দরের রানওয়েরও কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে বায়ুসেনা। প্রসঙ্গত, বায়ুসেনার নিয়ন্ত্রণে থাকা পুণে বিমানবন্দরটি বাণিজ্যিক বিমান পরিবহণের জন্যও ব্যবহৃত হয়।

Advertisement
আরও পড়ুন