FIFA World Cup 2026

হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা, বিশ্বকাপে আর খেলতে পারবেন উইঙ্গার? নিশ্চিত করতে পারল না ব্রাজ়িলের ফুটবল সংস্থা

ফিফার নিয়ম অনুযায়ী, পরিবর্ত ফুটবলার নেওয়ার সময়সীমা গত ১২ জুন শেষ হয়ে গিয়েছে। রাফিনহা চোটের জন্য ছিটকে গেলে তাঁর পরিবর্ত না-ও পেতে পারে ব্রাজ়িল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১০:০৪
picture of football

রাফিনহা। ছবি: রয়টার্স।

ব্রাজ়িলের উদ্বেগ বাড়িয়েছে রাফিনহার চোট। শনিবার হাইতি ম্যাচের ৪০ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। সম্ভবত পুরনো চোটই নতুন করে সমস্যা তৈরি করেছে। কতটা গুরুতর ২৯ বছরের ফুটবলারের চোট? ব্রাজ়িলিয়ান ফুটবল কনফেডারেশন আস্বস্ত করেছে সমর্থকদের।

Advertisement

বার্সেলোনার উইঙ্গার চোটের জন্য বেশ কিছু দিন মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে বিশ্বকাপ খেলছেন। শনিবার যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ব্রাজ়িলের মেডিক্যাল স্টাফেরা পরীক্ষা করার সময় রাফিনহা ডান পায়ের ঊরুর পিছনের অংশ হাত দিয়ে ধরেছিলেন। তখনই বোঝা যায় তাঁর হ্যামস্ট্রিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাজ়িলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, রাফিনহা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তাঁর ফিট হয়ে মাঠে নামতে কত দিন লাগবে তা নিশ্চিত করে বলা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পরীক্ষায় দেখা গিয়েছে রাফিনহার ডান ঊরুর পিছনের পেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। জাতীয় দলের মেডিক্যাল স্টাফেরা রাফিনহার পরিস্থিতির উপর নজর রাখছেন। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর চেষ্টা করছেন তাঁরা।’’

ব্রাজ়িলের সংবাদমাধ্যম জানিয়েছে, খুব তাড়াতাড়ি হলে বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে পারেন রাফিনহা। আগামী বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ এবং দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে পারবেন না। চোট খুব গুরুতর না হলেও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। সপ্তাহ ১০ থেকে ১২ দিন লাগতে পারে অনুশীলন শুরু করতে। কোচ কার্লো আনচেলোত্তি রাফিনহাকে ধরেই এগোতে চাইছেন। কারণ পরিবর্ত ফুটবলার নেওয়ার সময়সীমা গত ১২ জুন শেষ হয়ে গিয়েছে। রাফিনহা চোটের জন্য ছিটকে গেলে তাঁর পরিবর্ত না-ও পাওয়া যেতে পারে।

গত ১২ মাসে এই নিয়ে চার বার হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ব্রাজ়িলীয় ফুটবলার। গত মরসুমে ক্লাবের হয়ে ২৩টি ম্যাচ খেলতে পারেননি। ফ্রান্সের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নেমেও হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল রাফিনহার।

Advertisement
আরও পড়ুন