Women Reservation Amendments Bill

আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণে মোদীর উদ্যোগ লোকসভায় ভেস্তে যেতেই সক্রিয় রাহুল, ফোনে কথা অভিষেকের সঙ্গে

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শুরুর এক সপ্তাহ আগে কংগ্রেস এবং তৃণমূলের দুই শীর্ষ স্তরের নেতার এই কথোপকথন ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২১:২৫
As constitution amendment bill failed to get two-third majority in Lok Sabha, Rahul Gandhi speaks Abhishek Banerjee

(বাঁদিকে) রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডানদিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ কার্যকর করতে কেন্দ্রের উদ্যোগ ভেস্তে যাওয়ার পরেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে, শুক্রবার রাতে ফোনে দুই নেতার কথা হয়েছে।

Advertisement

তৃণমূলের ওই সূত্রের খবর, আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণের বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্তের জন্য অভিষেককে ধন্যবাদ জানিয়েছেন রাহুল। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শুরুর এক সপ্তাহ আগে দুই শীর্ষ নেতার এই কথোপকথন ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। প্রসঙ্গত, গত সোমবার বিধানসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার প্রতিবাদে বুধবার লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশের কেন্দ্রীয় উদ্যোগের মোকাবিলায় ডাকা বিরোধী জোটের বৈঠকে গরহাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।

মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল শুক্রবার লোকসভায় ভোটাভুটিতে পাশ করাতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। দু’দিনের বিতর্ক পর্ব শেষে শুক্রবার বিকেলে বিল নিয়ে ভোটাভুটি হয়। বিলের পক্ষে পড়ে ২৯৮টি ভোট। বিপক্ষে ২৩০টি। মোট ৫২৮ জন সাংসদ ভোটাভুটিতে যোগ দেন। সংবিধান সংশোধন সংক্রান্ত বিল পাশের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তা পেতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দলগুলি বিলের বিরোধিতায় ভোট দেয়। শুক্রবার লোকসভায় বিতর্ক পর্বে জনগণনার আগেই তড়িঘড়ি বিল পাশের উদ্যোগ নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল। তাঁর অভিযোগ ছিল, বর্তমান খসড়া কার্যকর হলে অনগ্রসর (ওবিসি) মহিলারা বঞ্চিত হবেন।

প্রসঙ্গত, সংবিধানের ৮১ নম্বর ধারা অনুযায়ী লোকসভার সর্বোচ্চ আসন ৫৫২ হতে পারে। এর মধ্যে ৫৩০ জন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এবং ২০ জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নির্বাচিত হতে পারেন। ৮১ নম্বর ধারা অনুযায়ী এর আগে অ্যাংলো-ইন্ডিয়ান জনগোষ্ঠীর ২ জন সদস্য লোকসভায় মনোনীত হতেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় ২০১৯ সালে সংবিধানের ১০৪তম সংশোধনীর মাধ্যমে তা তুলে দেওয়া হয়েছিল। এ বার ৮২ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব রয়েছে বিলে। ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জনগণনা শেষ হওয়ার পরে সংসদীয় নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু করা যায়। কিন্তু জনগণনার রিপোর্ট প্রকাশের আগেই লোকসভার আসন বাড়িয়ে ৮৫০ করে মহিলা সংরক্ষণ চালু করতে চেয়েছিল মোদী সরকার। বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে যা ভেস্তে গিয়েছে শুক্রবার।

Advertisement
আরও পড়ুন