মণিপুরের নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক তরুণ চুগ। ছবি: পিটিআই।
প্রায় এক বছর ধরে মণিপুরে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তিও হচ্ছে। এই পরিস্থিতিতে এ বার বিজেপি তাদের জাতীয় সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করল। মণিপুরে নতুন সরকার গঠনের ইঙ্গিত দিয়ে সোমবার তরুণ চুগকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ একটি বিবৃতিতে জানিয়েছেন, বিজেপি সংসদীয় বোর্ড মণিপুরের বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের জন্য দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে। বিধানসভায় দলের নির্বাচনের প্রক্রিয়া তদারকি করতে এই দায়িত্ব দেওয়া হয়েছে তরুণকে।
বর্তমানে মণিপুরের এনডিএ-র বিধায়কেরা দিল্লিতে রয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ বিজেপির জাতীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকাল ৪টে নাগাদ মণিপুর ভবনে জোটসঙ্গীদের সঙ্গে অন্য একটি বৈঠক হওয়ার কথা।
গত বছরের ৯ ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন এন বীরেন সিংহ। এর চার দিন পর অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে জারি করা হয় রাষ্ট্রপতিশাসন। বীরেনের পদত্যাগের পর বিধানসভাটি স্থগিত অবস্থায় রয়েছে। এই বিধানসভার মেয়াদ আছে ২০২৭ সাল পর্যন্ত। বর্তমানে মণিপুরে বিজেপির নিজস্ব বিধায়ক সংখ্যা ৩৭।