Women’s Reservation Act

তিন দিনের বিশেষ অধিবেশনে দলের প্রত্যেক সাংসদকে অবশ্যই উপস্থিত থাকতে হবে! হুইপ জারি করল বিজেপি

আগামী সপ্তাহেই বসছে সংসদের বিশেষ অধিবেশন। শুরু হবে বৃহস্পতিবার থেকে। তিন দিনের এই বিশেষ অধিবেশনে মহিলা আসন সংরক্ষণ আইনের প্রস্তাবিত সংশোধনীগুলি সংসদে পেশ করতে পারে কেন্দ্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২৩:০৩
সংসদের অধিবেশনকক্ষ।

সংসদের অধিবেশনকক্ষ। —ফাইল চিত্র।

সংসদের তিন দিনের বিশেষ অধিবেশন শুরুর আগে দলীয় সাংসদদের উদ্দেশে হুইপ জারি করল বিজেপি। তিন বাক্যের ওই হুইপে বিজেপি জানিয়েছে, বাজেট অধিবেশনের ওই তিন দিনের বর্ধিত পর্বে দলের সকল সাংসদকে অবশ্যই সংসদে উপস্থিত থাকতে হবে। লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষের সাংসদদের উদ্দেশেই এই হুইপ জারি করা হয়েছে।

Advertisement

আগামী সপ্তাহেই বসছে সংসদের বিশেষ অধিবেশন। শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। চলবে শনিবার পর্যন্ত। তিন দিনের এই বিশেষ অধিবেশনে মহিলা আসন সংরক্ষণ আইনের প্রস্তাবিত সংশোধনীগুলি সংসদে পেশ করতে পারে কেন্দ্র। পিটিআই জানাচ্ছে, ওই সংশোধনীগুলি বিশেষ অধিবেশনে পাশ করানোর লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র।

এ অবস্থায় প্রত্যেক দলীয় সাংসদের উদ্দেশে বিজেপি হুইপ জারি করে অধিবেশনে উপস্থিতি বাধ্যতামূলক করেছে। সেখানে বলা হয়েছে, সকল কেন্দ্রীয় মন্ত্রী এবং দলীয় সাংসদদের ওই তিন দিন পূর্ণ সময় সংসদে উপস্থিত থাকতে হবে। আরও বলা হয়েছে, ওই সময়ে সংসদে উপস্থিতি বাধ্যতামূলক। দলীয় সাংসদদের ওই সময়ে কোনও ছুটির আর্জি মঞ্জুর করা হবে না। দলের প্রত্যেক সাংসদকে এই হুইপ কঠোর ভাবে মেনে চলার কথাও বলা হয়েছে।

২০২৩-এর সেপ্টেম্বরে মোদী সরকার যে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা সংবিধানের ১০৬-তম সংশোধনী আইন জারি করেছিল। এই আইন কার্যকর হলে আইনসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। ওই আইন কার্যকর করার আগে তাতে কিছু প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ওই সংশোধনীর খসড়ায় গত বুধবারই অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। দাবি করা হচ্ছে, এই সংশোধনীগুলির লক্ষ্য হল ২০২৯ সালের লোকসভা ভোটের আগেই মহিলাদের জন্য আসন সংরক্ষণের আইন কার্যকর করা এবং লোকসভার মোট আসন সংখ্যা বৃদ্ধি করে ৮১৬ করা, যার মধ্যে ২৭৩টি আসন থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত।

Advertisement
আরও পড়ুন