Bihar Government

বিহারে দলনেতা নির্বাচনে পর্যবেক্ষক শিবরাজ

গত শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেও এখনও মুখ্যমন্ত্রী পদ ছাড়েননি নীতীশ কুমার। যদিও তাঁর ইস্তফা দেওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মত রাজনীতিকদের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৩৪
শিবরাজ সিংহ চৌহান।

শিবরাজ সিংহ চৌহান। —ফাইল চিত্র।

বিহারে পরিষদীয় দলের নেতা কে হবেন তা স্থির করতে ১৪ এপ্রিল বৈঠকে বসতে চলেছেন সে রাজ্যের বিজেপি বিধায়কেরা। ওই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে।

গত শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেও এখনও মুখ্যমন্ত্রী পদ ছাড়েননি নীতীশ কুমার। যদিও তাঁর ইস্তফা দেওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মত রাজনীতিকদের। সূত্রের খবর, বড় মাপের কোনও অদলবদল না হলে নীতীশের পরিবর্তে বিজেপির সম্রাট চৌধরি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। যদিও অন্য নাম নিয়েও জল্পনা রয়েছে বিজেপির অন্দরমহলে। এই পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে বৈঠক ডেকেছে বিজেপি। সে দিনই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে বলে অনেকের মত। দলের নেতা নির্বাচনের জন্য ডাকা বৈঠকে পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের নাম আজ ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব। তাৎপর্যপূর্ণ হল ওই দিন মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নীতীশ। সূত্রের মতে, সেই বৈঠকই নীতীশ মন্ত্রিসভার শেষ বৈঠক হতে চলেছে। তারপরেই ইস্তফা দিতে পারেন নীতীশ।

আগামী ১৫ এপ্রিল বা ১৯ এপ্রিল শপথ নিতে পারেন বিহারের নয়া মুখ্যমন্ত্রী। বিজেপির একাংশের বক্তব্য, ১৬-১৮ এপ্রিল সংসদে সংশোধিত মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তাই ১৫ এপ্রিল দলের শীর্ষ নেতৃত্বের একাংশ ওই বিল নিয়ে আলোচনার প্রস্তুতিতে দিল্লিতে ব্যস্ত থাকতে পারেন। সেই কারণেই সম্ভবত ওই বিল পাশ হওয়ার পরেই নতুন সরকারের শপথগ্রণ অনুষ্ঠান হতে পারে বলে মনে করছেন রাজনীতিকেরা। যাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পটনায় হওয়া শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন