কত সম্পত্তি ছিল আশা ভোসলের? ছবি: সংগৃহীত।
আশা ভোসলের প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগীরা। তাঁদের মতে, সঙ্গীতের মধ্যে দিয়েই তিনি চিরন্তন হয়ে থাকবেন। ১২ হাজারের বেশি গান গেয়েছিলেন তিনি আট দশকের সঙ্গীতজীবনে। ২০টি ভাষায় গান গেয়েছিলেন গায়িকা। এ বার প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির পরিমাণ।
২০২৬ সালের একটি রিপোর্ট অনুযায়ী, আশা ভোসলে মোট ১০০ কোটি টাকার মালিক। তবে এ-ও শোনা যাচ্ছে, সব মিলিয়ে গায়িকার সম্পত্তি ২০০-২৫০ কোটি টাকার। ভারতের সবচেয়ে ধনী ১০ জন গায়িকার মধ্যে তিনি এক জন ছিলেন বলে জানা যাচ্ছে। শুধুই ছবিতে প্লেব্যাক গাওয়া নয়, মঞ্চে অনুষ্ঠান, বিদেশের অনুষ্ঠানের মাধ্যমেও উপার্জন করেছেন তিনি। এর পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে অতিথি বিচারক হিসাবেও তাঁকে দেখা গিয়েছে।
শুধু গান নয়, রান্নাবান্না নিয়েও আশার বিশেষ আগ্রহ ছিল। বলা যেতে পারে, ভাল রান্না, যত্ন করে খাওয়ানো তাঁর অন্যতম আবেগের জায়গা ছিল। সেখান থেকেই নিজের রেস্তরাঁ তৈরির ভাবনা শুরু আশার। আবু ধাবি, দুবাই, কুয়েত, ইংল্যান্ডেও রয়েছে তাঁর রেস্তরাঁ। তাঁর রেস্তরাঁয় বিশেষ ভাবে ভারতীয় খাবারই পাওয়া যায়।
মুম্বইয়ের লোয়ার পারেলের বাড়িতে আশার শেষ দিনগুলি কেটেছে। এ ছাড়াও মুম্বই শহরে তাঁর আরও বাড়ি রয়েছে। পুণেতেও রয়েছে একটি বাড়ি। মুম্বইয়ের পেডার রোডের প্রভু কুঞ্জে রয়েছে তাঁর একটি বাড়ি। শোনা যায়, মোট ৮০-১০০ কোটি টাকার জমি বাড়ি রয়েছে আশার।
উল্লেখ্য, ১২ এপ্রিল প্রয়াত হয়েছেন আশা ভোসলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অঙ্গ বিকল হওয়ার কারণে মৃত্যু হয়েছে আশা ভোসলের। শনিবার অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।