BSNL Director Row

বিএসএনএল কর্তার প্রয়াগরাজ সফরের জন্য এলাহি আয়োজন! বিতর্কের জেরে শো কজ় করে কৈফিয়ত চাইল কেন্দ্র

বিএসএনএল-এর অন্যতম সিনিয়র ডিরেক্টর বিবেকের ব্যক্তিগত সফরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। তাঁর সেই সফরের জন্য এলাহি বন্দোবস্ত করা হয়েছিল। তা নিয়েই শুরু হয় বিতর্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪১
বিএসএনএল-এর অন্যতম সিনিয়র ডিরেক্টর বিবেক বেনজল।

বিএসএনএল-এর অন্যতম সিনিয়র ডিরেক্টর বিবেক বেনজল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এর এক শীর্ষকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। বিতর্কের জেরে ওই কর্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। এই প্রসঙ্গে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্দে বুধবার জানিয়েছেন, বিবেক বেনজল নামের ওই কর্তাকে শো কজ়ের নোটিস দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। তাঁর জবাব খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবে যোগাযোগ মন্ত্রক।

Advertisement

বিএসএনএল-এর অন্যতম সিনিয়র ডিরেক্টর বিবেকের ব্যক্তিগত সফরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। তাঁর সেই সফরের জন্য এলাহি বন্দোবস্ত করা হয়েছিল। তাঁকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিএসএনএল-এর ৫০ জন আধিকারিক এবং কর্মীকে। তাঁকে রেলস্টেশনে স্বাগত জানানো, মন্দিরে নিয়ে যাওয়া এমনকি স্নানের সামগ্রী জোগানোর দায়িত্বভারও দেওয়া হয়েছিল ৫০ জনকে।

গত বৃহস্পতিবার এই বিষয়ে অভ্যন্তরীণ স্তরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বিবেকের সফরসূচির উল্লেখ ছিল। সমাজমাধ্যমে ওই বিজ্ঞপ্তি ছড়়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়। অনেকেই বিবেকের এই সফরকে ‘রাজকীয়’ বলে কটাক্ষ করেন। সরকারি ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ ওঠে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, এই ঘটনা মান্য নিয়ম এবং প্রথার পরিপন্থী। এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়।” বিএসএনএল সূত্রে খবর, বিবেক ১৯৮৭ সালের ব্যাচের আধিকারিক। বুধবার দু’দিনের সফরে তাঁর প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। আর তাঁর এই সফরকে ঘিরেই বিতর্কের সূত্রপাত।

তবে বিতর্কের জেরে বিবেকের প্রয়াগরাজ সফর বাতিল হয়েছে। এই প্রসঙ্গে বিএসএনএল-এর জনসংযোগ আধিকারিক আশিস গুপ্ত জানান, সফর বাতিল হওয়ার কারণে আগের বিজ্ঞপ্তিও বৈধতা হারিয়েছে।

Advertisement
আরও পড়ুন