PM MOdi on Operation Sindoor

‘পহেলগাঁওয়ে হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে’! অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে বাহিনীর প্রশংসা মোদীর, সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা

প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারতের উপর আঘাত এলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। সিঁদুর অভিযানের মাধ্যমে সেই বার্তা দেওয়া হয়েছে। গোটা দেশ আমাদের বাহিনীর সাহসিকতায় গর্বিত।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১০:৩১
সিঁদুর অভিযানের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর বার্তা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিঁদুর অভিযানের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর বার্তা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরবর্তী অধ্যায়ে পাক ভূখণ্ডে যে সিঁদুর অভিযান চালানো হয়েছিল, বৃহস্পতিবার সেই অভিযানের এক বছর পূর্ণ হল। সিঁদুর অভিযানের বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

এক্স হ্যান্ডলে মোদী লেখেন, ‘‘নিরাপরাধ, নিরস্ত্র ভারতীয়দের উপর পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল, আমাদের বাহিনী সেই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। তাদের সাহস, বাহাদুরিকে কুর্নিশ জানাই।’’ এর পরই প্রধানমন্ত্রীর কড়া বার্তা, সন্ত্রাবাদকে দমন করতে যে দৃঢ় সঙ্কল্প নেওয়া হয়েছে, সেই সঙ্কল্পে অটল থাকবে গোটা দেশ। দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারতের উপর আঘাত এলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। সিঁদুর অভিযানের মাধ্যমে সেই বার্তা দেওয়া হয়েছে। গোটা দেশ আমাদের বাহিনীর সাহসিকতায় গর্বিত।’’ শুধু তা-ই নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশ যে সামরিক এবং প্রতিরক্ষার দিক থেকে আত্মনির্ভরতার দিকে এগিয়েছে সিঁদুর অভিযান তা-ও প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আজকে, এক বছর পরেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তেই অটল রয়েছি। আগামী দিনেও সন্ত্রাসবাদকে আরও কড়া হাতে দমন করা হবে।’’

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের আবহ তৈরি হয়। হামলার জবাবে গত বছরের ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে সিঁদুর অভিযান চালায়। সেই অভিযানে পাক ভূখণ্ডে জঙ্গিদের একের পর এক ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়। শতাধিক জঙ্গির মৃত্যু হয় সেই হামলায়। সেই অভিযানের পরই পাকিস্তান পাল্টা হামলার পথে নামে। ভারতকে লক্ষ্য করে একের পর গোলা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিন্তু তাদের সব হামলা ব্যর্থ করে দিয়েছিল দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তিন বাহিনী। তিন দিন সামরিক সংঘাত চলার পর ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ।

Advertisement
আরও পড়ুন