নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে লালকেল্লায়। ছবি: পিটিআই।
দিল্লির লালকেল্লার কাছে মন্দির এবং দেশের বড় শহরগুলির ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলিতে হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বা। সতর্কবার্তা জারি করল দেশের গোয়েন্দা সংস্থাগুলি।
সূত্রের খবর, দিল্লির লালকেল্লার আশপাশে এবং সংলগ্ন মন্দিরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। এ ছাড়াও চাঁদনি চওকের মতো রাজধানীর জনবহুল এলাকাগুলিকেও নিশানা বানাতে পারে জঙ্গিরা। এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই রাজধানীতে নিরাপত্তা আঁটোসাঁটো করার কাজ শুরু হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের একটি মসজিদে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬০ জনের বেশি। সূত্রের খবর, সেই বিস্ফোরণের বদলা নেওয়ার পরিকল্পনা করছে লশকর। গোয়েন্দা সূত্রে খবর, দেশের ধর্মীয় স্থান বিশেষ করে মন্দিরগুলিকে নিশানা করার পরিকল্পনা করছে এই পাক জঙ্গিগোষ্ঠী। গোয়েন্দা সূত্রে খবর আসার পরই দিল্লির সংবেদনশীল জায়গাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য রাজ্য থেকে দিল্লিতে যে সব গাড়ি সব গাড়ি পরীক্ষা করা হচ্ছে। ধর্মীয়, ঐতিহাসিক এবং পর্যটন স্থানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরেরই ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়িবোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় হামলাকারী-সহ ১৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছেন অনেকে। সেই হামলার ঘটনায় ‘ডক্টরস মডিউল’-এর হাত ছিল। যাঁদের যোগ পাওয়া গিয়েছে জইশ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই আবার রাজধানীর লালকেল্লা-সহ দেশের বড় শহর এবং ধর্মীয়, ঐতিহাসিক, জনবহুল স্থানগুলিতে জঙ্গি হামলার সতর্কতা জারি করলেন গোয়েন্দারা।
দিল্লির মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়ে যায় হরিয়ানার আল ফাল্হা বিশ্ববিদ্যালয়ের। ঘটনাচক্রে, যে চিকিৎসক আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিলেন, তাঁর সঙ্গে আল ফাল্হার যোগসূত্র পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই ওই বিশ্ববিদ্যালয়ের আরও কয়েক জন চিকিৎসককে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ২৯০০ কেজি বিস্ফোরক। জম্মু-কাশ্মীর থেকেও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা ধৃতদের জেরা করে জানতে পেরেছেন, দিল্লি-সহ দেশের বড় শহরগুলিতে আত্মঘাতী ড্রোন হামলার পরিকল্পনা করা হয়েছিল।