Petrol Diesel Rate

পেট্রল-ডিজ়েলের দাম কমাল নায়ারা! দু’বছরে এই প্রথম বার, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে জ্বালানির মূল্য অপরিবর্তিতই রইল

দেশে মোট ১ লক্ষেরও বেশি পাম্প রয়েছে। তার মধ্যে ৯০ শতাংশেরও বেশি পাম্প রয়েছে রাষ্ট্রায়ত্ত তিন সংস্থার হাতে। অন্য দিকে সব মিলিয়ে ৭০০০-এর কিছু বেশি পাম্প রয়েছে নায়ারার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১১:০৮
পেট্রল পাম্প।

পেট্রল পাম্প। — ফাইল চিত্র।

পেট্রল-ডিজ়েলের দাম কমাল দেশের অন্যতম বড় বেসরকারি জ্বালানি সংস্থা ‘নায়ারা এনার্জি’। বুধবার থেকে তারা লিটারপিছু পেট্রলের দাম ৫ টাকা এবং ডিজ়েলের দাম ৩ টাকা করে কমিয়েছে। গত দু’বছরেরও বেশি সময়ে এই প্রথম কোনও জ্বালানি সংস্থা খুচরো বাজারে পেট্রল-ডিজ়েলের দাম কমাল। যদিও ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম বা হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলিতে পেট্রল-ডিজ়েলের দাম অপরিবর্তিতই রয়েছে।

Advertisement

মুম্বই থেকে পরিচালিত নায়ারা এনার্জির সঙ্গে রুশ জ্বালানি সংস্থা রসনেফটের গাঁটছড়া রয়েছে। গুজরাতের ভাদিনারে এদের একটি শোধনাগার রয়েছে। সেখান থেকে দিনে প্রায় ৪ লক্ষ ব্যারেল তেল শোধন করে এই সংস্থা। দেশে সব মিলিয়ে এদের ৭০০০-এর কিছু বেশি পাম্প রয়েছে। সংস্থার সব পাম্প থেকেই বুধবার থেকে নতুন মূল্যে জ্বালানি পাওয়া যাবে। তবে সংশ্লিষ্ট রাজ্যের করের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য ভিন্ন হতে পারে। উল্লেখ্য, দেশে মোট ১ লক্ষেরও বেশি পাম্প রয়েছে। তার মধ্যে ৯০ শতাংশেরও বেশি পাম্প রয়েছে রাষ্ট্রায়ত্ত তিন সংস্থার হাতে। বাকি অল্প সংখ্যক পাম্প থেকে জ্বালানি বিক্রি করে নায়ারা বা রিলায়্যান্সের মতো বেসরকারি সংস্থাগুলি।

পশ্চিম এশিয়ার অস্থিরতা বর্তমানে অনেকটা কেটেছে। অপরিশোধিত তেলের সরবরাহও অনেকটা স্বাভাবিক হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামও কিছুটা নিম্নমুখী হয়েছে। এ পরিস্থিতিতে পেট্রল-ডিজ়েলের দাম কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নায়ারা এনার্জি। পিটিআই জানাচ্ছে, ইরান যুদ্ধের জেরে যখন আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল, তখন যে সংস্থাগুলি শুরুতেই পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধি করেছিল, তার মধ্যে অন্যতম ছিল নায়ারা। গত ২৬ মার্চ তারা পেট্রলের লিটারপিছু দাম ৫ টাকা বৃদ্ধি করেছিল। ডিজ়েলেরও লিটারপিছু দাম বাড়িয়েছিল ৩ টাকা। ফলে বুধবার দাম কমানোর ফলে তা আবার দৃশ্যত মার্চ মাসের দামেই ফিরে এল।

উল্লেখ্য, যুদ্ধের সময়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধি করেছিল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেতে থাকায় মে মাসের দ্বিতীয়ার্ধে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির তেলের দাম এখনও অপরিবর্তিতই রয়েছে। বুধবার দিল্লিতে ইন্ডিয়ান অয়েলের পাম্পে তেলের দাম রয়েছে ১০২.১২ টাকা। ডিজ়েলের দাম রয়েছে ৯৫.২০ টাকা। তবে বুধবার থেকে দেশে বিমানের জ্বালানি (অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ)-র দাম লিটারে ৫ টাকা করে কমেছে। দিল্লিতে লিটারপিছু এটিএফ-এর দাম কমে হয়েছে ১১০ টাকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর এই প্রথম বার বিমানের জ্বালানির দাম কমল ভারতে।

Advertisement
আরও পড়ুন