Premium Petrol Price Hike

প্রিমিয়াম পেট্রলের দাম বাড়িয়ে দিল কেন্দ্র! পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব? লিটার প্রতি কত টাকা করে বৃদ্ধি?

পশ্চিম এশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে যে যুদ্ধ চলছে, তার প্রভাব পড়ছে সারা বিশ্বের জ্বালানি লেনদেনে। তবে ভারতের বাজারে পেট্রল, ডিজ়েলের দাম নিয়ন্ত্রণেই ছিল। প্রিমিয়াম পেট্রলের দাম বাড়ল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:৩৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশ জুড়ে প্রিমিয়াম পেট্রলের দাম বাড়িয়ে দিল কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) লিটার প্রতি প্রিমিয়াম পেট্রলের দাম দু’টাকা করে বাড়িয়ে দিয়েছে। যদিও এই আকস্মিক বৃদ্ধির কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। সাধারণ পেট্রলের দামেও কোনও পরিবর্তন হয়নি। এইচপিসিএল জানিয়েছে, অপরিশোধিত তেলের জোগানে কোনও ঘাটতি নেই। শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজ়েলের দাম বেড়েছে লিটারে ২২ টাকা করে।

Advertisement

পশ্চিম এশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে যে যুদ্ধ চলছে, তার প্রভাব পড়ছে সারা বিশ্বের জ্বালানি লেনদেনে। হরমুজ় প্রণালী দিয়ে পশ্চিম এশিয়ার জ্বালানি তেল এবং গ্যাস বিভিন্ন দেশে পরিবাহিত হয়। সেই মূল জলপথই ইরান বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। ভারতের অনেক জাহাজও আটকে পড়েছে। কিছু জাহাজকে হরমুজ় পার করার অনুমতি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি নিয়ে উদ্বেগ তৈরি হয়। কারণ, ভারত চাহিদা অনুযায়ী ৬০ শতাংশ এলপিজি-ই হরমুজ় দিয়ে আমদানি করে। তবে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল, হরমুজ় ছাড়াও অন্য পথে অধিকাংশ তেল আমদানি করা হয়। তাই তেলের জোগান ব্যাহত হয়নি। পেট্রল এবং ডিজ়েলের দামও এত দিন বাড়েনি। কেন্দ্র দাবি করেছিল, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে। তা সত্ত্বেও দেশের বাজারে ওই দামে পরিবর্তন করা হচ্ছে না। তবে এ বার তা-ও বেড়ে গেল।

শুক্রবার থেকেই প্রিমিয়াম পেট্রলের বর্ধিত দাম কার্যকর হচ্ছে। এইচপিসিএল সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছে, ‘‘অপরিশোধিত তেলের জোগানে কোনও ব্যাঘাত ঘটেনি। একাধিক তেলবাহী জাহাজ আসছে। তাতে জোগান আরও জোরদার হবে।’’ কোনও গুজবে কান না-দেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম। সম্প্রতি তা ব্যারেল প্রতি ১১০ ডলারে (প্রায় ১০ হাজার টাকা) পৌঁছে গিয়েছিল। শুক্রবার সেই দাম কিছুটা কমে ১০৫ ডলারে নেমে এসেছে। তবে তেল নিয়ে চিন্তা রয়েইছে।

গাড়িতে অনেকেই প্রিমিয়াম পেট্রল ব্যবহার করেন। এতে গাড়ির ইঞ্জিন ভাল কাজ করে, মাইলেজও উন্নত হয়। সাধারণত বিলাসবহুল গাড়ি, উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ি কিংবা খেলাধূলায় ব্যবহৃত গাড়িতে এই ধরনের পেট্রল ব্যবহার করা হয়। অনেকে একে ‘পাওয়ার পেট্রল’ও বলেন। কেউ কেউ বলছেন, এই পেট্রলের দাম বাড়ায় সাধারণ মানুষের পকেটে খুব একটা টান পড়বে না।

Advertisement
আরও পড়ুন