প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
মন্ত্রিসভায় আসন্ন রদবদল নিয়ে জল্পনার মধ্যেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আমলা স্তরে বড়সড় রদবদল করল। প্রায় তিন ডজন প্রথম সারির আমলার পদে রদবদল হয়েছে এই পর্যায়ে।
সিনিয়র আইএএস অফিসার চঞ্চল কুমারকে তথ্য ও সম্প্রচার দফতরের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে মঙ্গলবার। সঞ্জয় লোহিয়া হয়েছেন আর্থিক পরিষেবাসচিব। বিহার ক্যাডারের ১৯৯২ ব্যাচের আইএএস চঞ্চল বর্তমানে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের (ডোনার) সচিব হিসাবে কর্মরত। মন্ত্রিসভার নিয়োগ কমিটি (এসিসি) সঞ্জয় জাজুর স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব হিসাবে তাঁর নিয়োগ অনুমোদন করেছে। জাজুকে বদলি করা হয়েছে চঞ্চলের বর্তমান পদে।
খনি মন্ত্রকের অতিরিক্ত সচিব সঞ্জয় লোহিয়াকে অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের বিশেষ সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। বর্তমান সচিব নাগারাজু মাদ্দিরালার ৩১ মে অবসর গ্রহণের পর তিনি আর্থিক পরিষেবা বিভাগের সচিব হিসাবে দায়িত্ব নেবেন। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের মহাপরিচালক অভিষেক সিংহকে শিক্ষা মন্ত্রকের ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। সিংহ নাগাল্যান্ড ক্যাডারের ১৯৯৫ ব্যাচের আইএএস আধিকারিক।
পর্যটনসচিব শ্রীবৎস কৃষ্ণকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি চন্দ্রশেখর কুমারের স্থলাভিষিক্ত হবেন। চন্দ্রশেখরের বদলি হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ন্যাশনাল রেইনফেড এরিয়া অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্ত ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবনেশ কুমারকে নতুন পর্যটন সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে।
বস্ত্র মন্ত্রকের অতিরিক্ত সচিব রোহিত কাঁসাল পরবর্তী গ্রামোন্নয়ন দফতরের সচিব হবেন। উত্তরপ্রদেশ ক্যাডারের ১৯৯২ ব্যাচের আইএএস কর্মকর্তা নরেন্দ্র ভূষণকে ভূমি সম্পদ বিভাগের সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। পঞ্জাব ক্যাডারের ১৯৯৪ ব্যাচের আইএএস কর্মকর্তা তেজবীর সিংহকে রাসায়নিক ও পেট্রো-রাসায়নিক বিভাগের সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। ওই পদে কর্মরত নিবেদিতা শুক্ল বর্মাকে প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগের সচিব করা হয়েছে। বর্মা একই সঙ্গে পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
উপভোক্তা বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব ভারত হরবংশলাল খেরাকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। কর্মী, কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের জারি করা নির্দেশে বলা হয়েছে, সুভাষচন্দ্র লাল দাস ৩০ এপ্রিল অবসর গ্রহণের করার পরে হরবংশলাল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব নেবেন। বীর বিক্রম যাদব অসামবির বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)-র পরবর্তী প্রধান নিযুক্ত হয়েছেন। ওডিশা ক্যাডারের ১৯৯৬ ব্যাচের আইএএস কর্মকর্তা যাদব ডিজিসিএ-র বর্তমান প্রধান ফৈজ আহমেদ কিদওয়াইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। ফৈজ কর্মী, কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগের (ডিওপিটি) অতিরিক্ত সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন। যাদব বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অতিরিক্ত সচিব।
মঙ্গলবারের এই রদবদলে ২৫ জন প্রথম সারির আমলাকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে অতিরিক্ত সচিব পর্যায়ে নিয়োগ করা হয়েছে। কর্মী মন্ত্রকের আদেশ অনুযায়ী, সিনিয়র আইএএস কর্মকর্তা পুনীত কাঁসালকে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসাবে এবং বিশাল গগনকে কেন্দ্রীয় তথ্য কমিশনের (সিআইসি) সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। অসম-মেঘালয় ক্যাডারের ১৯৯৮ ব্যাচের আইএএস কর্মকর্তা জ্ঞানেন্দ্র ডি ত্রিপাঠীকে কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (আইসিএআর) সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) যুগ্ম সচিব শ্রীধর চিরুভোলুকে আইসিএআর-এর অতিরিক্ত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। ‘কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া’র মহাপরিচালক অংশুমান পট্টনায়ককে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব করা হয়েছে।
সরকারি নির্দেশ জানাচ্ছে, টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এন গুলজারকে ‘ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড’-এর সদস্য-সচিব করা হয়েছে। দিবাকর নাথ মিশ্র হচ্ছেন বিদ্যুৎ মন্ত্রকের অতিরিক্ত সচিব। দেবাশিস প্রুস্তি হবেন আর্থিক পরিষেবা বিভাগের নতুন অতিরিক্ত সচিব। আরতি কানওয়ারকে বস্ত্র মন্ত্রকের অতিরিক্ত সচিব, দর্পণ জৈনকে বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব এবং অঙ্কিতা মিশ্র বুন্দেলাকে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবারের রদবদলে লোখান্ডে প্রশান্ত সীতারাম এবং অনুজ শর্মাকে স্বরাষ্ট্র মন্ত্রকে অতিরিক্ত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। গুজরাত ক্যাডারের আইএএস বিজয় নেহরাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, সিদ্ধার্থ জৈনকে সমবায় মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং নীতু কুমারী প্রসাদকে রাজস্ব বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। মীনাক্ষী রাওয়াত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অতিরিক্ত সচিব ও আর্থিক উপদেষ্টা হবেন। যশবীর সিংহ বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব এবং হরিহর মিশ্র আর্থিক পরিষেবা বিভাগের অতিরিক্ত সচিব হবেন। বীণা কুমারী ডারমলকে খনি মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং অপর্ণা ভাটিয়াকে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অতিরিক্ত সচিব ও আর্থিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।