West Asia War

এ বার সৌদির যুবরাজের সঙ্গে কথা বললেন মোদী! পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কী কী আলোচনা হল?

বিগত কয়েক দিনে ধারাবাহিক ভাবে পশ্চিম এশিয়া-সহ বিভিন্ন দেশের শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন মোদী। এমনকি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৯:২৩
Prime Minister Narendra Modi speaks with Saudi Arabia crown prince Mohammed bin Salman, discusses West Asia conflict

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সলমন। — ফাইল চিত্র।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সলমন। কী কথা হল দুই রাষ্ট্রনেতার, তা নিজেই জানিয়েছেন মোদী। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।

Advertisement

আমেরিকা, ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান নিশানা করছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন এবং ইজ়রায়েলি ঘাঁটি। সৌদি, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, ইরাক-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি পরিকাঠামো বাদ পড়ছে না ইরানি হামলা থেকে। মোদী জানিয়েছেন, সলমনের সঙ্গে কথা বলার সময় এই সব হামলার নিন্দা করেছেন তিনি।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ় প্রণালী কার্যত ‘বন্ধ’ করে রেখেছে ইরান। হরমুজ় ‘অবরুদ্ধ’ হওয়ায় বিশ্বের নানা প্রান্তে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। আমদানি করা তেল বা গ্যাসের একটা বড় অংশ এই প্রণালী দিয়ে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভারতে আসে। এক্স পোস্টে মোদী লেখেন, ‘আমরা দু’জনেই নৌপরিবহণের পথগুলি চালু রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি।’ প্রধানমন্ত্রী লেখেন, ‘সৌদিতে বসবাসরত ভারতীয়দের জন্য সে দেশের সরকার সাহায্য করছে।’ এ জন্য সৌদির প্রধানমন্ত্রী তথা যুবরাজকে ধন্যবাদজ্ঞাপন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ইরানের উপর আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার জেরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে ওই অঞ্চলে কর্মরত কয়েক লক্ষ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হরমুজ় প্রণালীতে তেহরানের অবরোধ ঘিরে তেল এবং গ্যাস পরিবহণ ব্যাহত হচ্ছে। অনিশ্চয়তার আবহে ধারাবাহিক ভাবে পশ্চিম এশিয়া-সহ বিভিন্ন দেশের শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন মোদী। এমনকি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন