রেলপুলিশের কনস্টেবলকে মারধর করা হচ্ছে। ছবি: সংগৃহীত।
ওড়িশায় ধর্ষণের অভিযোগ উঠল রেলপুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁকে হাতের সামনে পেয়ে বেধড়ক মারধর করেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কনস্টেবলের বিরুদ্ধে এক মহিলাকে উত্ত্যক্ত করা এবং ধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযুক্তকে বৃহস্পতিবার হাতের সামনে পেতেই জনরোষ আছড়ে পড়ে। প্রথমে কনস্টেবলের হাত-পা একটি বাঁশের সঙ্গে বাঁধ হয়। তার পর সেই বাঁশে ঝুলিয়ে তাঁকে এলাকা ঘোরানো হয়। চলে বেধড়ক মারধর।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীরা বাধা দেন বলে অভিযোগ। শেষে নীরব দর্শক হয়ে থাকতে হয় পুলিশকে। তাদের সামনেই অভিযুক্তকে মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবল জিম প্রশিক্ষক ছিলেন। তাঁকে মারধরের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন কনস্টেবল। অভিযোগ, সেই সময় স্কুটিতে করে দুই তরুণী যাচ্ছিলেন। তাঁদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। ওই তরুণীরা ভুবনেশ্বরে যাচ্ছিলেন। অভিযোগ, তরুণীদের স্কুটিতে ধাক্কা মারেন কনস্টেবল। তরুণীরা রাস্তায় পড়ে যান। তখন এক তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে কনস্টেবলের বিরুদ্ধে। যখন ওই তরুণী পথচলতি লোকজনদের বিষয়টি জানান, কনস্টেবল তাঁদের সঙ্গেও অশালীন আচরণ করেন। তার পরই স্থানীয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার পরই শুরু হয় মারধর।