Vedanta power plant Explosion

ছত্তীসগঢ়ে বেদান্তের তাপবিদ্যুৎ প্রকল্পের বয়লারে বিস্ফোরণ, আহত অন্তত ১৫! মিলল চারটি দেহ, অনেকের মৃত্যুর আশঙ্কা

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মৃত চার জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয়েছে গুরুতর জখম ১৫ শ্রমিককে। তবে দুর্ঘটনাস্থলে অনেকে আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:৪৪
Some workers killed, many injured in explosion at Vedanta power plant in Chhattisgarh

বেদান্তের বিদ্যুৎকেন্দ্রে জ্বলছে আগুন। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার ছত্তীসগড়ের সক্তী জেলায় বেদান্ত শিল্পগোষ্ঠীর একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে অন্তত চার জন শ্রমিক নিহত হয়েছেন। ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি, আশঙ্কা করা হচ্ছে যে কিছু শ্রমিক দুর্ঘটনাস্থলে আটকে পড়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে সক্তী জেলার সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসন এবং পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর সন্ধ্যায় বলেন, ‘‘চার জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে এবং আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।’’

স্থানীয় সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এখনও বেশ কয়েক জন শ্রমিক বয়লার রুমের ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে। বেদান্ত গোষ্ঠীর তরফে একটি বিবৃতিতে শ্রমিকমৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, ‘‘আমরা বিস্তারিত ভাবে তথ্য যাচাই করছি এবং আমাদের অংশীদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন