Unnao Rape Case

সুপ্রিম কোর্টে ধাক্কা! উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের জামিনের আবেদন শুনলই না দেশের শীর্ষ আদালত

সাজা স্থগিতের আর্জি নিয়ে প্রথমে দিল্লি হাই কোর্টেই আবেদন করেছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক। তবে তাঁর আবেদনে সাড়া দেয়নি দিল্লি হাই কোর্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১

— ফাইল চিত্র।

আবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার। জেল হেফাজতে উন্নাওয়ে ধর্ষিতার বাবার মৃত্যু মামলায় জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। কুলদীপের আবেদন ফেরত পাঠাল দিল্লি হাই কোর্টে।

Advertisement

২০১৭ সালে উন্নাওয়ে যখন ধর্ষণের অভিযোগ ওঠে, সেই সময় নির্যাতিতা নাবালিকা ছিলেন। বাঙ্গেরমউ কেন্দ্রের চার বারের বিজেপি বিধায়ক (বর্তমানে দল থেকে বহিষ্কৃত) কুলদীপ এবং তাঁর সঙ্গী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন তিনি। শুধু ধর্ষণ মামলায় নয়, হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতেও নাম জড়ায় কুলদীপের। ২০২০ সালের ১৩ মার্চ নিম্ন আদালত ওই মামলায় কুলদীপকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়। সাজার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুলদীপ।

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে কুলদীপের আবেদনের শুনানি ছিল। কিন্তু আদালত তার আবেদনের শুনানি খারিজ করে দিয়ে মামলা দিল্লি হাই কোর্টে পাঠিয়েছে। জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে দিল্লির উচ্চ আদালতকে। তবে তিন মাসের বেশি সময় নেওয়া যাবে না।

সাজা স্থগিতের আবেদন করে প্রথমে দিল্লি হাই কোর্টেই আবেদন করেছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক। তবে তাঁর আবেদনে সাড়া দেয়নি দিল্লি হাই কোর্ট। গত ১৯ জানুয়ারি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন কুলদীপ। তাঁর আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল। তার মধ্যে সাত বছর সাজা খেটেছেন ইতিমধ্যেই। তবে কুলদীপের আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা।

অন্য দিকে, ধর্ষণকাণ্ডে কুলদীপের যাবজ্জীবনের সাজা মকুব করেছিল দিল্লি হাই কোর্ট। হাই কোর্ট ১৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে কুলদীপের সাজা মকুব করে। তবে জামিনের ওই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় উন্নাওকাণ্ডের তদন্তকারী সংস্থা সিবিআই। সেই আবেদনের ভিত্তিতে দিল্লি হাই কোর্টের নির্দেশ স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ, ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন সাজা বহাল রয়েছে কুলদীপের।

Advertisement
আরও পড়ুন