News of the day

কৃত্রিম মেধা সম্মেলন। পরশু ভারতের সুপার এইট। আমেরিকা-ইরানের উত্তেজনা। আর কী কী নজরে

দিল্লিতে চলছে কৃত্রিম মেধা সম্মেলন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা, পরশু সুপার এইট পর্বে অভিযান শুরু ভারতের, উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ দিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৪
গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

দিল্লিতে চলছে কৃত্রিম মেধা সম্মেলনে বৃহস্পতিবার বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও‌। দেশ বিদেশের উদ্যোগপতি এবং প্রযুক্তিবিদেরা সেখানে অংশগ্রহণ করছেন। তবে এই সম্মেলন ঘিরে বিতর্ক শুরু থেকেই। শুরুতে ওঠে অব্যবস্থার অভিযোগ। তা নিয়ে ব্যাখ্যা দিতে হয় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। পরে গালগোতিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ‘চিনা’ রোবট কুকুরকে ‘দেশীয়’ বলে দেখানোর অভিযোগ ওঠে। তা নিয়ে বিতর্ক এখনও চলছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লিতে ভারত মণ্ডপমে কৃত্রিম মেধা সম্মেলনে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরানকে পরমাণু চুক্তি নিয়ে ধারাবাহিক ভাবে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। পেন্টাগন সূত্রে সিএনএন জানাচ্ছে, যে কোনও সামরিক অভিযানের জন্য তৈরি রয়েছে মার্কিন বাহিনী। অপেক্ষা‌ শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সঙ্কেতের। উদ্ভূত পরিস্থিতিতে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানও। মার্কিন সংস্থা ‘ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিয়োরিটি’ উপগ্রহচিত্র বিশ্লেষণ করে দাবি করেছে, গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রগুলিতে নিরাপত্তা বন্দোবস্ত আঁটোসাঁটো করছে তেহরান। বাঙ্কার দিয়ে ঘিরে ফেলা হচ্ছে সেগুলিকে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পরশু সুপার এইট পর্বে অভিযান শুরু করছে ভারত। খেলতে হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। গ্রুপ পর্বে পাকিস্তান ছাড়া আর কোনও বড় দলের বিরুদ্ধে খেলতে হয়নি সূর্যকুমার যাদবদের। পাকিস্তানের এই দলের শক্তি নিয়েও উঠছে অনেক প্রশ্ন। ফলে সুপার এইটেই ভারতের আসল পরীক্ষা শুরু হবে। কোচ গৌতম গম্ভীরকে চিন্তায় রাখবে ব্যাটারদের ফর্ম। প্রতি ম্যাচেই এক জন করে ব্যাটার উতরে দিয়েছেন দলকে। সুপার এইটের আগে কী ভাবে তৈরি হচ্ছে দল? সুপার এইট পর্ব শুরু হওয়ার আগে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মুখোমুখি অস্ট্রেলিয়া এবং ওমান। দুই দলই বিদায় নিয়েছে। নিয়মরক্ষার এই ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ দিন। ‌ বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং এবং ট্যাক্সেশনের পরীক্ষা রয়েছে আজ। বৃহস্পতিবার গণিতের পরীক্ষা ছিল। সেখানে পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্ন এসেছে বলে অভিযোগ সামনে এসেছে। এ ছাড়াও দু’জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে মোবাইল নিয়ে প্রবেশ করার জন্য।

Advertisement
আরও পড়ুন