Nirmala Sitharaman on Petrol Price Hike

দেশে সারের দাম বেড়েছে ‘কল্পনাতীত’! মেনে নিয়ে তিনটি বিষয়ে সতর্ক থাকতে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

বর্তমান পরিস্থিতিতেও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা ইতিবাচক রয়েছে বলে জানান নির্মলা। এর পরে সমালোচকদের দিকেও আঙুল তুলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৮:৩৫
নির্মলা সীতারমণ।

নির্মলা সীতারমণ। — ফাইল চিত্র।

দেশে তেলের দাম বেড়েছে। সারের দাম বৃদ্ধি পেয়েছে ‘কল্পনাতীত’। এই পরিস্থিতিতে তিনটি জিনিসে নজর দেওয়া প্রয়োজন, যাদের ইংরেজি প্রতিশব্দের আদ্যক্ষর ‘এফ’, এমনটাই সোমবার জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কোন তিনটি জিনিস? নির্মলার মতে, জ্বালানি তেল, সার এবং বিদেশি মুদ্রা— এই তিনটি বিষয়ে আপাতত নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি, তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে কোনও ভাবে দেশে ‘ভয়ের উদ্রেক’ করলে চলবে না। এ ক্ষেত্রে তাঁর নিশানায় বিরোধী দলগুলি বলে মনে করা হচ্ছে।

Advertisement

গত দু’সপ্তাহের কম সময়ে দেশে চার বার বৃদ্ধি পেয়েছে তেলের দাম। গত ১১ দিনে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ৭.৩৮ টাকা। এই পরিস্থিতিতে সোমবার একটি কর্মসূচিতে গিয়ে নির্মলা এই তিন জিনিসে নজর রাখার কথা জানিয়েছেন। তিনি আরও জানান, সম্প্রতি বিদেশি মুদ্রা বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবেদন করেছেন, তা-ও গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ‘‘তিনটি এফ— ফুয়েল (জ্বালানি), ফার্টিলাইজ়ার (সার), ফোরেক্স (বিদেশি মুদ্রা)-য় নজর দেওয়া খুব দরকার।’’

নির্মলা জানান, জ্বালানির দাম বৃদ্ধি অন্যতম ‘চ্যালেঞ্জ’। সেই সঙ্গে সারের দামবৃদ্ধি হয়েছে ‘কল্পনাতীত’। তাঁর মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব সুদুরপ্রসারী। নির্মলা বলেন, ‘‘পশ্চিম এশিয়ার সমস্যা শুধু কূটনৈতিক বা ভৌগোলিক-রাজনৈতিক বিষয় নয়। ব্যবসার ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে, সমস্যা তৈরি হচ্ছে, কারণ, এই কারণে জ্বালানির দাম বেড়েছে। পণ্যবাহী জাহাজ দেরিতে আসছে। পরিবহণের খরচ বেড়েছে। মুদ্রায় চাপ পড়েছে। রফতানির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’’

তবে এই পরিস্থিতিতেও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা ইতিবাচক রয়েছে বলে জানান নির্মলা। এর পরে সমালোচকদের দিকেও আঙুল তুলেছেন তিনি। সাধারণ মানুষের সাফল্যও ভুলে যাচ্ছেন অনেকে। দেশবাসীর মনে আত্মবিশ্বাস জাগাতে হবে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই ‘আতঙ্কের উদ্রেক’ করা চলবে না। মনে করা হচ্ছে তাঁর নিশানায় বিরোধী কংগ্রেস। কেন্দ্রীয় সরকার বর্তমান পরিস্থিতির যে ভাবে মোকাবিলা করেছে, তারও প্রশংসা করেন নির্মলা। তিনি জানান, পেট্রোল, ডিজ়েলের দামে শুল্ক ছাড় দেওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের রাজস্বে ১ লক্ষ কোটি টাকার টান পড়েছে।

মাঝারি, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র শিল্পে টাকা মেটানো হচ্ছে দেরিতে বলে উদ্বেগ প্রকাশ করেছেন নির্মলা। তিনি জানিয়েছেন, সেই কারণে ৮.১ লক্ষ কোটি টাকা আটকে রয়েছে। যে সব সংস্থা এখনও টাকা মেটায়নি, তাদের ৪৫ দিনের মধ্যে তা মিটিয়ে দিতে বলেছেন নির্মলা। তা না হলে পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন।

কলকাতাতেও পেট্রোল ও ডিজ়েলের দাম বেড়েছে। লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হয়েছে ১১৩.৫১ টাকা। লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে ডিজ়েলের দাম কলকাতায় হয়েছে ৯৯.৮২ টাকা। গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রোলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রোলের দাম বাড়িয়ে দেওয়া হয়। তার পর ২৩ মে, শনিবার ফের ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হয়।

পশ্চিম এশিয়ার হরমুজ় প্রণালী দিয়ে বিশ্বের নানা প্রান্তে অপরিশোধিত তেলবাহী জাহাজ যাতায়াত করে। ভারতকেও এই জ্বালানি বাইরে থেকে কিনতে হয়। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর থেকে হরমুজ়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাধা পাচ্ছে পণ্যবাহী জাহাজ। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। এই আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখতে আগামী এক বছর সোনা না-কেনার পরামর্শও দিয়েছিলেন। বিদেশ ভ্রমণেও রাশ টানতে বলেছেন।

Advertisement
আরও পড়ুন