Hair Treatment

সিঁথির চারপাশে পাতলা হচ্ছে চুল? টাক পড়া থেকে বাঁচাবে ওজ়োন থেরাপি, খরচ কত?

সব চুল পড়ে গিয়ে টাক পড়ার আগেই সতর্ক হতে হবে। সিঁথির চারপাশে চুল পাতলা হতে থাকলে বিশেষ একটি থেরাপি করিয়ে নেওয়া যেতে পারে। এতে সূচ ফোটানোরও প্রয়োজন হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৬:০৭
High-Frequency Ozone Therapy, the modern solution for Hair Loss and Regrowth

পাতলা চুল ঘন হবে ওজ়োন থেরাপিতে, খরচ কত? ছবি: ফ্রিপিক।

বয়সের চাকা একটু ঘুরতে না ঘুরতেই সিঁথির চারপাশের চুলগুলি হালকা হতে থাকে। মাথার তালুতে বড় অংশ জুড়ে টাক পড়াও শুরু হয় অনেকের। পাতলা চুল ঘন করতে শুধু শ্যাম্পু বা কন্ডিশনার কাজে আসবে না। সে জন্য প্রয়োজন এক বিশেষ রকম থেরাপি। সেটি হল হাই-ফ্রিকোয়েন্সি ওজ়োন থেরাপি। এটি করতে সূচ ফোটানোর দরকার পড়বে না। কেবল বিশেষ পদ্ধতিতে চুলের গোড়ায় অক্সিজেন পাঠিয়ে পুষ্টির জোগান দেওয়া হবে। তাতেই চুলের ঘনত্ব বাড়বে, রুক্ষতাও দূর হবে। খুশকির সমস্যা থাকলে তা নির্মূল হবে ওজ়োন থেরাপিতে।

Advertisement

কী এই ওজ়োন থেরাপি?

চুল পড়া বা চুল পাতলা হওয়ার সমস্যায় এই থেরাপিটি ব্যবহার করা হয়। অনেকেরই চুল খুব রুক্ষ হয়, খুশকির সমস্যাও বেশি হয়। সে ক্ষেত্রে ওজ়োন থেরাপি বিশেষ ভাবে কার্যকর হতে পারে। এই পদ্ধতিতে চুলের গোড়ায় অক্সিজেন পাঠানো হয়। এতে মাথার তালুতে রক্ত সঞ্চালনও বাড়ে। আর প্রতিটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়লেই নতুন চুল জন্মানোর সম্ভাবনাও বাড়তে থাকে।

এই থেরাপিতে একটি কাচের তৈরি বিশেষ চিরুনি বা ইলেকট্রোড ব্যবহার করা হয়, যার মধ্যে দিয়ে উচ্চ কম্পাঙ্কের বিদ্যুৎ প্রবাহিত হয়। এই ইলেকট্রোডটি যখন মাথার ত্বকের সংস্পর্শে আসে, তখন সেটি ওজ়োন গ্যাস উৎপন্ন করে। এই ওজ়োন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কোনও ক্ষতিকর ব্যাক্টেরিয়া বাসা বাঁধলে সেটিকেও ধ্বংস করে। তাই এই পদ্ধতিতে খুব দ্রুত খুশকি দূর হয়।

কী ভাবে হয় ওজ়োন থেরাপি?

চুলের ধরন বুঝে বিশেষ শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করার পর কন্ডিশনার লাগানো হয়। খুশকির সমস্যায় শ্যাম্পুর বদলে অ্যান্টি-ড্যানড্রফ ক্রিম লাগিয়ে চুল পরিষ্কার করে ধোয়া হয়।

ওজ়োন থেরাপি করার আগে দেখে নিতে হয় মাথার তালু যাতে শুষ্ক থাকে। তাই চুল ধোয়ার পরে হালকা ব্লো-ড্রাই করে তা ভাল করে শুকিয়ে নেওয়া হয়।

একটি চিরুনির মতো দেখতে কাচের টিউব ইলেকট্রোড যন্ত্রে লাগানো হয়। যন্ত্রটি চালু করে ধীরে ধীরে মাথার ত্বকে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর মতো করে চালানো হয়। এই সময় কাচের টিউবে একটি হালকা কমলা বা বেগনি আভা দেখা যায় এবং সামান্য তড়িৎপ্রবাহ হয়।

ইলেকট্রোডটি ত্বকের সংস্পর্শে আসার পর ওজ়োন তৈরি হয়, যা ত্বকের গভীরে প্রবেশ করে এবং কোষগুলিকে সজীব করে তোলে। সাধারণত ১০-১৫ মিনিট ধরে এই প্রক্রিয়াটি চলে। তবে চুল পড়ার সমস্যা বেশি হলে, তখন তা বুঝে থেরাপির সময় কমানো বা বাড়ানো হয়।

কোন সালোঁয় করাবেন তার উপর নির্ভর করে খরচ। সাধারণত ওজ়োন থেরাপির একটি সেশনের খরচ ৫০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। অধিকাংশ ক্ষেত্রে ১০-১২টি সেশনের প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ৮ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে খরচ হতে পারে।

Advertisement
আরও পড়ুন