চুলে কেমন জেল মাখেন আলিয়া, তা বানিয়ে নিতে পারেন বাড়িতেই। ছবি: সংগৃহীত।
আলিয়া নিজে এমনিতে অল্প সাজেন। তাঁর মুখে চড়া মেকআপ দেখা যায় কমই। তবে চুলের যত্নে একটু বেশি সময়ই ব্যয় করেন অভিনেত্রী। আলিয়া মনে করেন, চুল যদি রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে, তা হলে সৌন্দর্যই নষ্ট হয়। শত মেকআপেও সাজ ঠিক হয় না। অনেকেই ভাবেন, বলিউড অভিনেত্রী মানেই হয়তো নামী ব্র্যান্ডের প্রসাধনীই ব্যবহার করেন। তা নয়। আলিয়া নিজেই জানিয়েছেন, চুল জেল্লাদার রাখতে এক বিশেষ ধরনের জেল ব্যবহার করেন তিনি। শুটিংয়ের সময়ে নানা রকম কেশসজ্জার কারণে চুল রুক্ষ হয়ে পড়ে। ওই জেলটি ব্যবহার করলেই চুলের স্বাস্থ্য ভাল থাকে।
তিসির জেল দিয়ে কেশচর্চা করেন আলিয়া। তিসির বীজ যেমন শরীরের জন্য ভাল, তেমনই ত্বক ও চুলের জন্যও উপকারী। তিসিতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। উদ্ভিজ্জ আলফা-লিনোলেনিক অ্যাসিড চুলের ঘনত্ব বৃদ্ধি করতেও সাহায্য করে। ভিটামিন বি-র প্রাকৃতিক উৎস হল তিসি। চুল মজবুত করতে এবং চুলের জেল্লা ধরে রাখতে ভিটামিন বি-র যথেষ্ট গুরুত্ব রয়েছে।
তিসির জেল কী ভাবে বানাবেন?
গোটা তিসির বীজ ব্যবহার করতে হবে। অনেকটা জেল বানিয়ে রাখতে আধ কাপের মতো তিসির বীজ নিয়ে নিন। জল আড়াই থেকে তিন কাপ নিতে হবে। এর সঙ্গে এক চামচ ভিটামিন ই তেল বা ৫-১০ ফোঁটা রোজ়মেরি মেশাতে পারেন।
প্রথমে একটি প্যানে মাঝারি আঁচে বীজ সেদ্ধ হতে দিন। জল ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন এবং নাড়তে থাকুন। ধীরে ধীরে জল ঘন হয়ে জেলির মতো হবে। স্বচ্ছ আঠালো তরল তৈরি হলে গ্যাস বন্ধ করে দিন। একটি পরিষ্কার পাতলা সুতির কাপড়ে ছেঁকে নিন। জেলটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। এতে ভিটামিন-ই তেল বা রোজ়মেরি মিশিয়ে শিশিতে ভরে রাখুন। শ্যাম্পু করার আগে তিসির জেল মাথায় মালিশ করে রাখুন আধ ঘণ্টার মতো। তার পর ধুয়ে ফেলুন। চুল খুব রুক্ষ হয়ে গেলে এবং খুশকির সমস্যা বাড়লে, এই জেলের সঙ্গে অ্যালো ভেরা মিশিয়েও মাখতে পারেন।