স্মোকি আই মেকআপের টিপস। ছবি: ফ্রিপিক।
রূপটান যতই সামান্য হোক না কেন, কাজলকালো চোখের জাদুতেই যে বাজিমাত করা যায়, এমন উদাহরণ কম নেই। সিনেমা হোক বা বাস্তব, হরিণীর মতো কাজল নয়নের আবেদনই আলাদা। আর সেই চোখকে গভীর, আরও আবেদনময় করে তুলতে পারে কাজল, আইশ্যাডো, মাস্কারার সঠিক ব্যবহার। নব্বইয়ের দশকে বিশ্ব জুড়ে সাইরেন আই মেকআপ জনপ্রিয় হয়েছিল, যা এখন নতুন ভাবে ফিরে এসেছে। সেই সঙ্গেই জনপ্রিয় হয়েছে ‘স্মোকি আইজ’। চোখের সাজেও রঙের ছোঁয়া লেগেছে। গ্রাফিক ডিজ়াইন, ক্যাট আই, উইঙ্গড, নানা ধরনের চোখের সাজ এখন ফ্যাশনে ‘ইন’। স্মোকি আই হোক বা সাইরেন, অথবা দুইয়ের মিশেলে চোখ আঁকতে চাইলে সঠিক কায়দা জেনে নিতে হবে।
বিয়ের সাজ হোক বা পার্টি, অনুষ্ঠানবাড়িতে, ঘন কাজকালো চোখ ও নানা রঙের আইশ্যোডের ব্যবহার এখন বেশ চালু। শুধু কাজল বা আইলাইনারের টান নয়, তার সঙ্গে আইশ্যাডো ও মাস্কারার মিশেল না হলে চোখের সাজ ঠিক খোলে না। তাই স্মোকি আই মেকআপ এখন পছন্দের তালিকায় বেশ উপরেই রয়েছে। তবে এরও নানা ধরন আছে।
স্মোকি আইজ়। ছবি: ফ্রিপিক।
স্মোকি আই মেকআপের প্রাথমিক কিছু ধাপ
১) বেস তৈরি করা: প্রথমে চোখের পাতায় আই প্রাইমার বা সামান্য কনসিলার লাগিয়ে নিন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে এবং আইশ্যাডোর রং ফুটে উঠবে।
২) আইলাইনার বা কাজল লাগানো: উপরের চোখের পাতার ল্যাশ লাইনের খুব কাছ দিয়ে মোটা করে কাজল বা জেল আইলাইনার লাগান। একেবারে নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, কারণ পরে সেটি ব্লেন্ড করা হবে।
৩) স্মাজ বা ব্লেন্ড করা: একটি ছোট স্মাজিং ব্রাশ দিয়ে লাগানো কাজলটিকে উপরের দিকে এবং বাইরের দিকে ঘষে ঘষে ঝাপসা করে নিতে হবে।
৪) আইশ্যোডা: কাজলের উপর গাঢ় কালো বা ডার্ক ব্রাউন আইশ্যাডো লাগিয়ে নিন। এটি কাজলকে সেট করবে এবং ‘স্মোকি এফেক্ট’ দেবে।
৫) ট্রানজিশন শেড: এ বার একটি ব্লেন্ডিং ব্রাশে হালকা খয়েরি আইশ্যাডো নিয়ে চোখের ভাঁজে ভাল করে ব্লেন্ড করুন। চোখের নীচের লাইনে খয়েরি আর কালো কোল পেনসিল দিয়ে স্মাজ করে দিতে হবে।
স্মোকি আই মেকআপ নিখুঁত করতে শিখতে হবে সঠিক কায়দা। ছবি: ফ্রিপিক।
নানা রঙের ছোঁয়া
কাজল মানেই আর কালো নয়। তাই মেকআপ প্যালেট ভরে উঠুক নীল, সবুজ, গেরুয়া— নানা রঙে। চোখের ভিতরের দিকের নীচের কোণ থেকে সবুজ আই পেনসিলের টান শুরু হয়ে উপরের অর্ধেক অংশে গিয়ে চোখের পাতার সঙ্গে মিশিয়ে দিন। বোল্ড মাস্কারা দিয়ে সাজিয়ে তুলুন চোখের পাতা।
স্মোকি মেকআপের নানা ধরন
ব্রাউন স্মোকি মেকআপ দেশীয় বা পাশ্চাত্য, যে কোনও সাজের সঙ্গেই চলতে পারে। মেকআপের জন্য খয়েরি রঙের জেল লাইনার ব্যবহার করতে পারেন। যেটা স্মাজ করে দেওয়া যাবে। চোখের কোণে হালকা আইশ্যাডোর কাজ। ভারী মেকআপ থাকবে চোখের উপরের অংশে। নীচের দিকে শুধু খয়েরি রঙের আই পেনসিল দিয়ে সাজ সম্পূর্ণ করতে হবে।
মেটালিক স্মোকি আাই মেকআপের বেশ চাহিদা রয়েছে এখন। এর জন্য ক্রিম কালারের বেস এবং পাউডার আইশ্যাডো ব্যবহার করা হয়। সঙ্গে হাইলাইটার। সাজে ভারতীয় ছোঁয়া আনতে চাইলে উপরের দিকে কাজলের একটা লাইন আর মাস্কারাও ব্যবহার করতে পারেন।
কালো স্মোকি আই চাইলে ম্যাট কালো আইশ্যাডো বা কাজল দিয়ে বেস তৈরি করুন। তার পর বাদামি রঙের ট্রানজিশন শেড দিয়ে উপরের অংশ ব্লেন্ড করুন। চোখকে আরও আকর্ষণীয় করতে ল্যাশ লাইনের খুব কাছে সামান্য গ্লিটার দিতে পারেন।
উৎসবের মরসুমে বা বিয়েবাড়িতে শাড়ি বা লেহঙ্গার সঙ্গে গোল্ডেন স্মোকি আই অসাধারণ লাগে। এই মেকআপের জন্য চোখের বাইরের কোণ গাঢ় খয়েরি বা কালো কাজল দিয়ে স্মাজ করুন। মাঝের দিকে গোল্ডেন বা কপার শিমার আইশ্যাডো লাগান। আইলাইনারের বদলে লিকুইড গোল্ডেন গ্লিটার ব্যবহার করতে পারেন।