—প্রতিনিধিত্বমূলক ছবি।
২৪ ঘণ্টার ব্যবধানে আবার কেঁপে উঠল সিকিমের বিস্তীর্ণ এলাকা। এ বার রিখটার স্কেলে কম্পনমাত্রা ৪.২। এখনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে ভূমিকম্পের ফলে স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। পাশাপাশি দার্জিলিং , কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প হয়েছে হয়েছে প্রতিবেশী দেশ নেপালেও। খুব অল্প সময়ের জন্য হলেও কম্পনের মাত্রা ছিল তীব্র। এ বারেও কম্পনের উৎসস্থল সিকিমের গ্যালশিং।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১২ বার কেঁপেছে সিকিম। শনিবার সন্ধ্যায় আবার কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত পাহাড়বাসী। এ রাজ্যের সমতলের কয়েকটি জায়গাতেও ভূমিকম্প হয়েছে।
বৃহস্পতিবার রাত ১ টা বেজে ৯ মিনিটে সিকিমের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের মাটি কেঁপে উঠেছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। সে বারও পশ্চিম সিকিমের গ্যালশিং এলাকায় ভূগর্ভ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। একই সঙ্গে কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশে। ভূমিকম্প হয়েছে অসম, নেপাল এবং চিনেও। মধ্যরাতে রাজ্যের পাহাড় থেকে সমতলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তার পর শুক্রবার পর্যন্ত ১২ বার ভূমিকম্প হয়েছে সিকিমে।